ময়মনসিংহের ফুলপুরে সাম্মত আলী (৬৯) নামে এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৭টার দিকে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের চক ঢাকিরকান্দা গ্রামের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে গ্রামের মসজিদে ওয়াজ মাহফিল শোনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন সাম্মত আলী। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। শনিবার সকালে পরিবারের সদস্য ও স্থানীয়রা বাড়ির পাশের একটি ডোবায় তার লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
এলাকাবাসী জানান, প্রতিবেশী আজিজুল হকসহ কয়েকজনের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছিল সাম্মত আলীর। প্রায় এক সপ্তাহ আগে ওই মামলায় তিনি ডিক্রি (রায়) পান। নিহতের পরিবারের অভিযোগ, জমি-সংক্রান্ত বিরোধ ও মামলার রায়ের জের ধরে প্রতিপক্ষ আজিজুল হক ও তার সহযোগীরা তাকে হত্যা করে ডোবায় ফেলে রেখে গেছে। ফুলপুর থানার ওসি মো. ফিরোজ হোসেন জানান, এ ঘটনায় তদন্ত চলছে ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
