টিম ম্যানেজমেন্টকে আরও সতর্ক হতে হবে

টিম ম্যানেজমেন্টকে আরও সতর্ক হতে হবে

ফন্ট সাইজ:

দক্ষিণ আফ্রিকার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে জোহানেসবার্গে হেরে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে তাওহীদ হৃদয়ের ১৩৭ ও লিটন দাসের ১২০ রানের সুবাদে বাংলাদেশ ৪০০ রান তুললেও, স্বাগতিকরা ৫৫৭ রান সংগ্রহ করে। এরপর নাজমুল হোসেন শান্তর দল দ্বিতীয় ইনিংসে ১৬৮ রানে গুটিয়ে যায়। আগামী সোমবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে। এই ম্যাচে বাংলাদেশের জয়ের সম্ভাবনা মাত্র পাঁচ শতাংশ এবং ড্রয়ের সম্ভাবনা ১২ শতাংশ। সিরিজ হার এড়াতে এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে অবস্থান ধরে রাখতে ড্র করা জরুরি।

সাম্প্রতিক টেস্ট সিরিজগুলোর দল নির্বাচন ও বিশ্রাম প্রসঙ্গে জাতীয় দলের সাবেক ক্রিকেটার তুষার ইমরান বলেন, ‘বর্তমানে ধারাবাহিকতার অভাবের মূল কারণ হলো দ্রুত কন্ডিশন পরিবর্তন ও ঠাসা সূচি। যেমন সিলেটে টেস্ট খেলেই পরদিন দেশ ছাড়তে হচ্ছে, ফলে নতুন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার সময় পাওয়া যাচ্ছে না। আর টিম ম্যানেজমেন্টের বিষয়টি হলো, দলের প্রয়োজনে সেরা খেলোয়াড়কে খেলাতেই হয়। ইনজুরি তো বলে-কয়ে আসে না, তবুও ভবিষ্যতে ম্যানেজমেন্ট নিশ্চয়ই আরও সতর্ক থাকবে।’

​প্রথম টেস্টে ব্যাটারদের সেশন অনুযায়ী খেলা ও ম্যাচ হারের কারণ বিশ্লেষণ করেছেন তুষার। জোহানেসবার্গে প্রথম ইনিংসে চারটি সেশনে ৪০০ রান করলেও দ্বিতীয় ইনিংসে মাত্র দুটি সেশন ব্যাটিং করেছে টাইগাররা। পঞ্চম দিন সারা দিন ব্যাটিং করতে পারলে ম্যাচ ড্র করা সম্ভব হতো বলে মনে করেন তিনি। টেস্ট ক্রিকেটে সেশনের গুরুত্ব নিয়ে তুষার বলেন, ‘টেস্ট ম্যাচ জিততে হলে পাঁচটি দিনই আধিপত্য বিস্তার করতে হয়। ১৫টি সেশনের মধ্যে ব্যাটাররা সাত-আটটি সেশন ভালো খেললে ম্যাচ ড্র করা সম্ভব। অন্যদিকে, বোলাররা মাত্র দুই-তিনটি সেশন ভালো বোলিং করলেই ম্যাচ জেতা যায়, বিশেষ করে দ্বিতীয় ইনিংসে। যেমনটি সাউথ আফ্রিকা আমাদের বিপক্ষে করেছে। ব্যাটারদের আটটি সেশন ভালো খেলা আর বোলারদের দুই-তিনটি সেশনের প্রভাবই মূলত ম্যাচে পার্থক্য গড়ে দেয়।’ ​জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ৫০০ রানের নিচে আটকাতে পারেনি বাংলাদেশের বোলাররা। কাগিসো রাবাদার ব্যাটিং এবং ফিল্ডারদের ক্যাচ মিসের কারণে স্বাগতিকরা ১৫৭ রানের লিড পায়। বোলিং ও ফিল্ডিংয়ের ঘাটতি নিয়ে তুষার বলেন, ‘ওরা সত্যিই খুব ভালো ব্যাটিং করেছে। তবে আমার মনে হয় ক্যাচগুলো মিস না করলে ওদের ৪৫০ রানের ভেতর আটকানো সম্ভব ছিল।

রাবাদার ইনিংসটি আমাদের জন্য একটু খরুচে হয়ে গেছে। তাছাড়া বোলিং ঠিকই ছিল, কেবল ক্যাচগুলো ধরা উচিত ছিল।’ ​সেঞ্চুরিয়ন টেস্টে একাদশ সাজানো নিয়ে ভাবছে টিম ম্যানেজমেন্ট। প্রথম টেস্টে দুই ইনিংসে শূন্য রানে আউট হওয়া মুশফিকুর রহীমকে নিয়ে আলোচনা চলছে। তার পরিবর্তে জাকের আলী বা মোহাম্মদ নাঈম সুযোগ পেতে পারেন। এছাড়া মেহেদী হাসান মিরাজ বা মুমিনুল হকের জায়গায় তাইজুল ইসলামকে নেয়ার কথা ভাবা হচ্ছে। তবে কনকাশন কাটিয়ে ওঠা মুমিনুলের ওপর আস্থা রাখার পরামর্শ দিয়ে তুষার বলেন, ‘মাথায় বল লাগার কারণে তাকে আনফিট বলা যায় না। আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো ম্যাচে কনকাশন হলে কেবল সেই ম্যাচের বাকি অংশে খেলা যায় না, পরের ম্যাচে খেলতে বাধা নেই। তাছাড়া মুমিনুল টেস্টে আমাদের অন্যতম সেরা ব্যাটার, যার গড় ও রান সবার চেয়ে বেশি। দুই-তিনটি সিরিজ খারাপ গেলেও তার প্রতি ধৈর্য ধরতে হবে, যেন সে দ্রুত ফর্মে ফিরতে পারে।’ ​ডান কনুইয়ের চোটের কারণে সফর শেষ হওয়ায় গতকাল দেশে ফেরার সিদ্ধান্ত হয়েছে পেসার হাসান মাহমুদের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি এখনো দেশ থেকে হাসানের বদলি পাঠায়নি। ফলে তাসকিন আহমেদ ও এবাদত হোসেনের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে শরিফুল ইসলামের খেলার সম্ভাবনা রয়েছে। সেঞ্চুরিয়নের কন্ডিশন ও বোলিং পরিকল্পনা নিয়ে তুষার বলেন, ‘প্রথমত, সেঞ্চুরিয়নে ব্যাটিং বেশ চ্যালেঞ্জিং হবে। দ্বিতীয়ত, হাসান মাহমুদ গত এক-দেড় বছর লাল বলে দারুণ বোলিং করেছে এবং একা উইকেট তুলে নিয়েছে। তার জায়গায় যিনি আসবেন, তার দায়িত্ব অনেক বেড়ে যাবে। এখন বোলারদের অতিরিক্ত প্রচেষ্টা দিতে হবে এবং দলগত বোলিং পার্টনারশিপ গড়ে তুলে উইকেট নিতে হবে।’