ব্যর্থতার দায়ে প্রধান কোচের চাকরি গেছে, বদলেছে কোচিংয়ের দায়িত্বও। কিন্তু বদলায়নি বাংলাদেশ নারী ক্রিকেট দলের পারফরম্যান্স। একের পর এক টুর্নামেন্টে হতাশা, গুরুত্বপূর্ণ ম্যাচে আত্মসমর্পণ আর ধারাবাহিকতার অভাবে প্রশ্নের মুখে পড়েছে নিগার সুলতানা জ্যোতিদের সামর্থ্য। এশিয়া কাপ, এশিয়ান গেমস, অস্ট্রেলিয়া সফর— কোথাও প্রত্যাশা পূরণ করতে পারেনি দল।
সর্বশেষ ইমার্জিং নেশনস ট্রফিতে সুপার সিক্সে উঠতে ব্যর্থ হয়েছে তারা। এমন পরিস্থিতিতে মাঠের ব্যর্থতার কারণ খুঁজতে নেমেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটার, কোচ ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে বসে সমস্যা চিহ্নিত করার পাশাপাশি ফিটনেসের ব্যাপারেও কঠোর হতে চায় বোর্ড। ব্যর্থতার কারণে সম্প্রতি চাকরি হারিয়েছেন প্রধান কোচ সারওয়ার ইমরান। তার স্থলাভিষিক্ত ডেভিড হেম্পও এখন পর্যন্ত সাফল্যের দেখা পাননি। নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম দলের পারফরম্যান্সে হতাশা প্রকাশ করে বলেন, ‘আমি নিজেও বুঝতে পারছি না, কেন এমন ফল করছে দল। আমি সবার সঙ্গে বসবো। ক্রিকেটার, কোচ, ম্যানেজমেন্ট— সবার কাছে জানতে চাইবো, কী হচ্ছে।’ পরিসংখ্যানও নারী দলের দুরবস্থার চিত্র তুলে ধরছে। ওয়ানডেতে সর্বশেষ ১৫ ম্যাচের ১২টিতে হেরেছে বাংলাদেশ, জয় মাত্র দুটি। টি-টোয়েন্টিতে একইসংখ্যক ম্যাচে হার ৯টিতে, জয় পাঁচটি। নারী এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে হেরে গ্রুপসেরা হওয়ার সুযোগ হারানোর পর সেমিফাইনালে ভারতের কাছে ৪০ রানে হেরে বিদায় নেয় দল। এশিয়ান গেমসে ভারতের কাছে সেমিফাইনালে হারের পর ব্রোঞ্জ পদকের লড়াইয়েও পাকিস্তানের কাছে ৩১ রানে হারে জ্যোতিরা।
ফলে ২০১০ সালের পর প্রথমবার পদক ছাড়াই ফিরতে হয় নারী ক্রিকেট দলকে। এরপর অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। সর্বশেষ সংযুক্ত আরব আমিরাতে আইসিসি উইমেনস ইমার্জিং নেশনস ট্রফিতে সুপার সিক্সে উঠতে না পারায় হতাশা আরও বেড়েছে। নতুন কোচ ডেভিড হেম্প অবশ্য আত্মবিশ্বাসের ঘাটতিকেই বড় সমস্যা মনে করছেন। তার মতে, ক্রিকেটারদের দক্ষতা ও সামর্থ্য রয়েছে, কিন্তু ধারাবাহিক পারফরম্যান্সের জন্য নিজেদের ওপর বিশ্বাস বাড়াতে হবে। একই সঙ্গে ফিটনেস উন্নয়নেও কাজ করছেন তিনি। ফিটনেস নিয়ে উদ্বিগ্ন বিসিবিও। নতুন বছরের শুরু থেকে জাতীয় দলে সুযোগ পেতে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে বোর্ড। রফিকুল জানান, নিউজিল্যান্ড সিরিজ থেকে ফেরার পর ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা নেয়া হবে। এরপর থেকে নিয়মিত এই পরীক্ষা হবে। তার কথা, ‘সুযোগ-সুবিধা বেড়েছে, এখন পারফরম্যান্স দেখাতে হবে।’
