এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব বিসিবি’র

এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব বিসিবি’র

ফন্ট সাইজ:

দেশের মাটিতে বড় টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচিতে নতুন সংযোজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী বছরের এশিয়া কাপের আগে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে তারা। এ বিষয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে প্রাথমিক আলোচনাও হয়েছে। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দুই বোর্ডের থেকে ইতিবাচক সাড়া পাওয়ার কথা জানিয়েছে বিসিবি’র একটি সূত্র।

সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসি’র সভার ফাঁকে এ প্রস্তাব দেয়া হয়। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি শুক্রবার পাকিস্তানের সাংবাদিকদের কাছে বিষয়টি তুলে ধরতে গিয়ে সময়সূচি নিয়ে ভুল তথ্য দিয়েছেন বলে জানিয়েছে বিসিবি। তার বক্তব্য ছিল, বাংলাদেশ আগামী বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে। তবে বিসিবির পরিকল্পনা বিশ্বকাপ নয়, ২০২৭ এশিয়া কাপকে ঘিরে। ক্রিকবাজকে বিসিবির আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ‘এশিয়া কাপের আগে বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ খেলতে আমরা পাকিস্তান ও শ্রীলঙ্কাকে প্রস্তাব দিয়েছি। দুই দেশই বিষয়টিতে বেশ ইতিবাচক সাড়া দিয়েছে।’ তবে এখনই সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। তিনি বলেন, ‘এটি আমাদের পক্ষ থেকে দেয়া একটি প্রস্তাব। দুই দেশই বিষয়টি বিবেচনা করছে। তারা অংশ নেবে কি না, সে বিষয়ে পরে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। তাই এখনই সিরিজ ঘোষণা করা সম্ভব নয়।’

আগামী ১৮ই জুন থেকে ৪ঠা জুলাই পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ২০২৭ এশিয়া কাপ। ২০১৬ সালের পর আবারও এই মহাদেশীয় প্রতিযোগিতার আয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ। সেবার টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত টুর্নামেন্টে স্বাগতিকরা ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি। এবারের আয়োজনের বিশেষ তাৎপর্য রয়েছে বিসিবির জন্যও। তামিম ইকবালের নেতৃত্বে দায়িত্ব নেয়ার পর এটিই হবে বোর্ডটির প্রথম বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন।

তার আগে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করা সম্ভব হলে এশিয়া কাপের প্রস্তুতির পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্যও মিলবে বাড়তি আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ। তবে প্রস্তাব বাস্তবায়নের চূড়ান্ত চাবিকাঠি এখন পাকিস্তান ও শ্রীলঙ্কার সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে।