বাংলাদেশে আর্জেন্টিনার ফুটবল একাডেমি গড়ার পরিকল্পনা

ফন্ট সাইজ:

বাংলাদেশে ফুটবল একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করছে আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন (এএফএ)। এ লক্ষ্যে সম্ভাব্য বিনিয়োগকারী ও স্থানীয় অংশীদার খুঁজতে ঢাকায় এসেছে সংস্থাটির তিন সদস্যের প্রতিনিধি দল। বাংলাদেশের ফুটবলে আর্জেন্টিনার প্রশিক্ষণ পদ্ধতি ও ফুটবল দর্শন ছড়িয়ে দেয়াই তাদের মূল লক্ষ্য। গতকাল জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেন এএফএ ইন্টারন্যাশনালের প্রতিনিধি দলের সদস্যরা। দলে রয়েছেন সংস্থাটির বাণিজ্যিক পরিচালক মারিও মার্টিন তুলা, ফুটবল মেথডোলজি সমন্বয়ক নিকোলাস এবং এএফএ একাডেমি ইন্ডিয়ার কোচ ও স্পোর্টস ম্যানেজার অ্যালেক্স। ভারত সফর শেষে বাংলাদেশে আসা প্রতিনিধি দলটি জানিয়েছে, এশিয়া জুড়ে আর্জেন্টিনার ফুটবল একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে কাজ করছে তারা। বাংলাদেশেও এএফএ ইন্টারন্যাশনাল একাডেমি চালু করতে চায় সংস্থাটি।

তবে উদ্যোগটি এখনো প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে। একাডেমি প্রতিষ্ঠার জন্য স্থানীয় ব্যবসায়ী ও সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করছেন তারা। এখনো কোনো চুক্তি কিংবা একাডেমি চালুর সময়সূচি চূড়ান্ত হয়নি। ঢাকায় সফরের উদ্দেশ্য ব্যাখ্যা করে মারিও মার্টিন তুলা বলেন, বাংলাদেশের মানুষের আর্জেন্টিনার প্রতি ভালোবাসা তাদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। এই ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে ফুটবলবিষয়ক কার্যক্রম আয়োজন করতে চান তারা। তবে একাডেমি প্রতিষ্ঠার জন্য বিনিয়োগ ও স্থানীয় অংশীদারত্ব গুরুত্বপূর্ণ। প্রতিনিধি দলের সদস্য নিকোলাস বলেন, বাংলাদেশে একাডেমি চালুর বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো পরিকল্পনা চূড়ান্ত হয়নি। তারা কাজ শুরু করেছেন মাত্র। বাংলাদেশের ফুটবলের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। একাডেমির মাধ্যমে আর্জেন্টিনার নিজস্ব প্রশিক্ষণ পদ্ধতিতে বাংলাদেশের তরুণ ফুটবলারদের দক্ষতা উন্নয়নে কাজ করতে চায় এএফএ। এদিকে বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে একটি প্রীতি ম্যাচ আয়োজনের

সম্ভাবনা নিয়েও আলোচনা থাকলেও এ বিষয়ে কোনো পরিকল্পনার কথা জানায়নি প্রতিনিধি দল। বাংলাদেশ সফরে বাফুফের সঙ্গে আলোচনা ছাড়াও সেমিনার ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিদর্শনের পরিকল্পনা রয়েছে তাদের। এর মধ্যে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বিশ্বকাপ জয়ের পর বিশ্ববিদ্যালয়টিতে আর্জেন্টিনার সমর্থকদের উদ্যাপনও দেশটির মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল।

গতকাল জাতীয় স্টেডিয়াম ঘুরে দেখে এর অবকাঠামো নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তুলা। তার মতে, স্টেডিয়ামটি অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতার ম্যাচ আয়োজনের উপযোগী। বাংলাদেশের আর্জেন্টিনা প্রীতিকে কাজে লাগিয়ে দুই দেশের ফুটবল সম্পর্ক আরও গভীর করতে চায় এএফএ। তবে পরিকল্পনাটি বাস্তবায়নে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিনিয়োগ, স্থানীয় অংশীদারত্ব ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সম্মতি। একাডেমি প্রতিষ্ঠা হলে আর্জেন্টিনার ফুটবল প্রশিক্ষণ পদ্ধতিতে বাংলাদেশের তরুণদের শেখার নতুন সুযোগ তৈরি হতে পারে।