বল টেম্পারিং বিতর্কে কামিন্সের প্রতি আস্থা ক্রিকেট অস্ট্রেলিয়ার

ফন্ট সাইজ:

২০১৮ সালের সেই বিতর্কিত অধ্যায় যেন কিছুতেই পিছু ছাড়ছে না অস্ট্রেলিয়া ক্রিকেটকে। ক্যামেরন ব্যানক্রফটের দীর্ঘ বিবরণ প্রকাশের পর নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) অন্দরমহল। একের পর এক বক্তব্যে পুরোনো ঘটনার নতুন দিক সামনে আসায় প্রশ্নের মুখে পড়েছে দলের নেতৃত্ব, বিশেষ করে অধিনায়ক প্যাট কামিন্সের অবস্থান। তবে এই পরিস্থিতিতে তার ওপর আস্থা হারাচ্ছে না অস্ট্রেলিয়ার ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। শুক্রবার সিডনিতে কামিন্সের সঙ্গে বৈঠক করেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ ও অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ডেভিড বুন।

একই দিনে বোর্ডের সভায় অধিনায়ক হিসেবে কামিন্সের প্রতি সর্বসম্মত সমর্থন জানানোর সিদ্ধান্ত নেয়া হয়। এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে চলমান জল্পনা ও বিতর্কের মধ্যে অস্ট্রেলিয়ান ক্রিকেটের ভাবমূর্তি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের মানসিক সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। কামিন্সের সততা নিয়ে ওঠা প্রশ্ন সরাসরি নাকচ করেন বুন। তিনি বলেন, ‘প্যাটের প্রতি আমাদের সমর্থন রয়েছে। তার সততা নিয়ে কোনো ধরনের আপস হয়েছে—এমন ইঙ্গিত আমরা দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করছি।’ কামিন্স নিজেও বিতর্ক এড়িয়ে যাওয়ার পথে হাঁটছেন না। ২০১৮ সালের ঘটনা পুনর্বিবেচনায় গঠিত স্বাধীন ফোরামে শতভাগ সমর্থন জানিয়ে তিনি বলেন, ‘আমি এই ফোরামকে শতভাগ সমর্থন করি। সেখানে আমি উপস্থিত থাকবো। ২০১৮ সালের সফরে থাকা খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে আমার যতটুকু কথা হয়েছে, তাতে সবাই নিজেদের অভিজ্ঞতা তুলে ধরতে আগ্রহী। অনেক কঠিন আলোচনা হবে, তবে সেটিই প্রয়োজন।’

তবে আপাতত কামিন্সের মনোযোগ মাঠের ক্রিকেটে। আগামী ৯ই ডিসেম্বর পার্থে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের প্রস্তুতিকেই অগ্রাধিকার দিচ্ছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার অধিনায়ক হওয়া অনেক বড় দায়িত্ব। আমি কখনোই বিষয়টিকে হালকাভাবে নিইনি, ভবিষ্যতেও নেব না।’

বিতর্কের সূত্রপাত নতুন করে জোরালো হয় ব্যানক্রফটের প্রায় চার হাজার শব্দের লেখায়। সেখানে ২০১৮ সালের বল টেম্পারিংয়ের সময় দলের অন্য সদস্যদের ভূমিকা এবং বিষয়টি নিয়ে পরবর্তী সময়ে দেয়া বক্তব্যের অসংগতি তুলে ধরেন তিনি। কামিন্সের সাম্প্রতিক সংবাদ সম্মেলনের বক্তব্যে ‘ক্ষোভ, বিশ্বাসভঙ্গ ও একাকীত্বের’ অনুভূতি তৈরি হয় বলেও জানান ব্যানক্রফট।

এর আগে ৬৮ মিনিটের সংবাদ সম্মেলনে কামিন্স বলেন, দলের সবাই স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি জানতেন— এমন দাবি ‘১০০ শতাংশ ভুল’। ব্যানক্রফট অবশ্য লেখেন, বল রিভার্স সুইং করছিল—এটি জানা, বল বিকৃতির সন্দেহ করা এবং স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি নিশ্চিতভাবে জানা এক নয়।

কামিন্সের প্রতি বোর্ডের সমর্থনের পাশাপাশি সতীর্থ জশ হ্যাজেলউডও তাকে ‘দারুণ নেতা’ বলে অভিহিত করেছেন। এমনকি অধিনায়কত্ব হারালে নিজের অবস্থান পুনর্বিবেচনার ইঙ্গিতও দিয়েছেন তিনি।
অন্যদিকে, ব্যানক্রফটও স্বাধীন ফোরামে অংশ নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন। ফলে পার্থ টেস্টের আগে বিতর্ক পুরোপুরি থামার সম্ভাবনা কম।