না খেলে চ্যাম্পিয়ন পাকিস্তান আনুষ্ঠানিক প্রতিবাদ ভারতের

ফন্ট সাইজ:

দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের এশিয়া কাপে শনিবার ঢাকার এবিজি স্পোর্টস কমপ্লেক্সে ফাইনাল পরিত্যক্ত হওয়ার পর লীগ পর্বের পয়েন্ট ও নেট রানরেটে এগিয়ে থাকায় পাকিস্তানকে একক চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। তবে এই সিদ্ধান্ত মেনে নেয়নি ভারত। প্রতিবাদ জানিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জন করেছে দলটি। ভবিষ্যতে পাকিস্তানের বিপক্ষে না খেলার বিষয়টিও বিবেচনা করছে ভারতীয় ক্রিকেট সংস্থা। পাশাপাশি আনুষ্ঠানিক ভাবেও প্রতিবাদ জানিয়েছে ভারত।

চার দলের এই প্রতিযোগিতায় লীগ পর্বের তিন ম্যাচেই জিতে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল পাকিস্তান। দুটি জয়ে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে ফাইনালে ওঠে ভারত। বাংলাদেশ পায় দুই পয়েন্ট। কোনো ম্যাচ জিততে পারেনি শ্রীলঙ্কা। লীগ পর্বে গত ১৭ই নভেম্বর শেষ বলের রোমাঞ্চে ভারতকে এক উইকেটে হারিয়েছিল পাকিস্তান। তবে ফাইনাল পরিত্যক্ত হওয়ার পর পাকিস্তানকে একক চ্যাম্পিয়ন ঘোষণার সিদ্ধান্ত নিয়েই আপত্তি ভারতের। ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড ইন ইন্ডিয়ার (সিএবিআই) দাবি, নিয়ম অনুযায়ী দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা উচিত ছিল। বিতর্কের কেন্দ্রে রয়েছে টুর্নামেন্টের নিয়মাবলির ২৭ নম্বর ধারা। পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের (পিবিসিসি) দাবি, বৃষ্টিতে ফাইনাল পরিত্যক্ত হলে লীগ পর্বের নেট রানরেটে এগিয়ে থাকা দলকে বিজয়ী ঘোষণার বিধান রয়েছে। অংশগ্রহণকারী দলগুলোকে গত ৭ই নভেম্বর নিয়মাবলি জানিয়ে দেয়া হয়েছিল বলেও দাবি পাকিস্তানি সংবাদমাধ্যমের।

তবে ভারতের ব্যাখ্যা ভিন্ন। তাদের দাবি, নিয়মের ওই ধারাটি মূলত ফাইনাল টাই হলে সুপার ওভারের মাধ্যমে বিজয়ী নির্ধারণের জন্য। সুপার ওভারও টাই হলে কিংবা আয়োজন সম্ভব না হলে নেট রানরেট বিবেচনায় আসার কথা। কোনো বল ছাড়াই ফাইনাল পরিত্যক্ত হলে এই নিয়ম প্রয়োগের সুযোগ নেই। ভারতীয় দলের ম্যানেজার ধীরাজ সিকেইরা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘ফাইনাল টাই হলে এবং সুপার ওভারও টাই হলে নেট রানরেটের ভিত্তিতে বিজয়ী নির্ধারণের নিয়ম ছিল। কিন্তু একটি বলও না হওয়া ম্যাচে কীভাবে সেই নিয়ম প্রয়োগ করা হলো?’ অধিনায়ক দুর্গা রাওয়ের অভিযোগ, সকাল ১০টা থেকে মাঠে অপেক্ষা করলেও বৃষ্টির কারণে বারবার ম্যাচ শুরুর সময় পিছিয়ে দেওয়া হয়। পরে বিকেল চারটার দিকে নেট রানরেটের ভিত্তিতে পাকিস্তানকে চ্যাম্পিয়ন ঘোষণার সিদ্ধান্ত জানানো হয়। ম্যাচ রেফারির কাছে ব্যাখ্যা চেয়েও সন্তোষজনক উত্তর পাননি তারা। বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে বিশ্ব ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের (ডব্লিউবিসিসি) কারিগরি কমিটির ভূমিকা। সংস্থাটির মহাসচিব ও কমিটির সদস্য রজনীশ হেনরি দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, শুরুতে দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণার পক্ষে মত দিয়েছিল কমিটি।

পরে ম্যাচ রেফারি নিয়মের ভিন্ন ব্যাখ্যায় পাকিস্তানকে একক বিজয়ী ঘোষণা করেন। ভারতের অভিযোগ, ডব্লিউবিসিসি সভাপতি ও পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের প্রধান সৈয়দ সুলতান শাহ সিদ্ধান্ত পরিবর্তনে প্রভাব খাটিয়েছেন।
যদিও এ অভিযোগের স্বাধীন সত্যতা নিশ্চিত হয়নি। প্রতিবাদ হিসেবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জনের পাশাপাশি রানার্সআপ ট্রফিও গ্রহণ করেনি ভারতীয় দল। ভারতীয় কর্মকর্তারা ডব্লিউবিসিসির সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার কথাও জানিয়েছেন।