কুষ্টিয়ার দৌলতপুরে এক প্রবাসীর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। শুক্রবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়ন বিএনপি’র প্রয়াত নেতা সিরাজ পিয়াদার প্রবাসী ছেলে সজীব আল শাওন পিয়াদারের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটানো হয়। তবে অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও ব্যাপক ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানান। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা ওই বাড়িতে অগ্নিসংযোগ ও ককটেলের বিস্ফোরণ ঘটায় বলেও স্থানীয়রা জানান।
প্রবাসী সজীব আল শাওন পিয়াদারের ভাই আড়িয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সুমন পিয়াদার নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা তার ভাইয়ের বাড়িতে আগুন সন্ত্রাস চালিয়েছে বলে তিনি গণমাধ্যমকে জানান। এ ঘটনায় দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় ঘটনাস্থল থেকে ৪টি ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
