নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠান আম্বার বোর্ড মিলে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনে কাঞ্চন-রূপসী সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা কারখানার জেনারেল ম্যানেজারসহ ২ কর্মকর্তাকে মারধর করে। প্রায় দেড়ঘণ্টা অবরোধে সড়কের দুইপাশে অসংখ্য যানবাহন আটকে পড়ে। শনিবার সকাল ৯টা থেকে রূপগঞ্জের হাটাবো এলাকায় এ ঘটনা ঘটে। কারখানার শ্রমিকরা জানান, চলতি বছরের ২৬শে আগস্ট গ্যাস ও বিদ্যুৎ সংকটের অজুহাতে শ্রমিকদের বেতন না দিয়ে রূপগঞ্জের হাটাবো এলাকায় অবস্থিত পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠান আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ। পরে ১৪ই অক্টোবর কোনো প্রকার কারণ ছাড়াই কারখানায় কর্মরত ১৯৮ জন শ্রমিকে চাকরিচ্যুত করে তারা। শ্রমিকদের কারও ৬ মাসের কারও ৪ মাসের, কারও ৩ মাসের বকেয়া বেতন চলতি মাসের ২০ তারিখের মধ্যে পরিশোধ করা কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করেননি। এ কারণে শ্রমিকরা আজ (শনিবার) সকাল থেকে বেতনের দাবিতে কারখানার সামনে জড়ো হয়।
একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা কারখানার সহকারী পরিচালক জুলফিকার আলী, জেনারেল ম্যানেজার (এইচ আর এডমিন) ইরফান পাশাকে আটক করে মারধর করে। পরে তারা সকাল ১০টার দিকে তারা কাঞ্চন-রূপসী সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম বলেন, বকেয়া বেতন ও ক্ষতিপূরণ দাবি করে শ্রমিকরা বিক্ষোভ করছে এমন খবরে পুলিশ ঘটনাস্থলে এসে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। দ্রুততম সময়ে তারা শ্রমিকদের সকল পাওনা পরিশোধের আশ্বাস দিয়েছেন।
