হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। নিয়ে এখন পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৪৩ জনে। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯৪ শিশুর। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও সন্দেহজনক হামে দু’জন মারা গেছে। তাদের মধ্যে ঢাকা বিভাগে একজন এবং খুলনা বিভাগে একজন রয়েছে।

এ নিয়ে গত ১০ই এপ্রিল থেকে সন্দেহজনক হামে মৃতের সংখ্যা ১ হাজার ২৩৮ জনে দাঁড়াল। সেই সঙ্গে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ জনের। এ ছাড়া নতুন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে ৮৩১ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫৫, সিলেটে ২৫, চট্টগ্রামে ১২ ও রংপুরে দু’জন আক্রান্ত হয়েছে। সন্দেহজনক রোগীদের মধ্যে ঢাকায় ৩৫৭, চট্টগ্রামে ১৪৫, সিলেটে ১০১, বরিশালে ৮৩, খুলনায় ৬০, ময়মনসিংহে ৫৬, রংপুরে ১৮ ও রাজশাহীতে ১১ জন শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ২১শে নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৫৫ হাজার ৪২৪ শিশু। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ২৬ হাজার ৬০ শিশু। এ সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই লাখ ২৮ হাজার ৪৬৬ শিশু এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে দুই লাখ ১৯ হাজার ৭১৮ শিশু।