চট্টগ্রামের ফটিকছড়িতে যুবদলের মোটরসাইকেল মিছিলে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ ও ছাত্রলীগ। শনিবার বিকালে উপজেলার দক্ষিণ ফটিকছড়ি উপজেলার নানুপুরের কেফায়েত নগরে এ ঘটনা ঘটে। এ সময় অন্তত ৩০টি মোটরসাইকেল ভাঙচুর, পাঁচটি মোটরসাইকেল ছিনতাই এবং কয়েকটিতে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ করেছেন মিছিলে অংশ নেয়া বিএনপি নেতাকর্মীরা। জানা গেছে, বিকালে যুবদলের একটি মোটরসাইকেল মিছিল কেফায়েত নগর এলাকায় পৌঁছালে একদল লোক অতর্কিত হামলা চালায়।
এ সময় মিছিলে অংশ নেয়া নেতাকর্মীদের লক্ষ্য করে হামলার পাশাপাশি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে অন্তত ৩০টি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। পাঁচটি মোটরসাইকেল ছিনিয়ে নেয়া এবং কয়েকটিতে আগুন দেয়া হয়। হামলায় আহত কয়েকজনকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএনপি নেতা জাহিদ হাসান বলেন, ‘আমাদের দলের নেতৃবৃন্দের কারণেই আওয়ামী লীগ এত বড় সাহস দেখানোর সুযোগ পাচ্ছে।’ ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে, এর একদিন আগে শুক্রবার ফটিকছড়ির নানুপুর বাজারে যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে। জুমার নামাজের সময় দুপুর দেড়টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি দল মিছিলটি বের করে।
