ময়মনসিংহ-হালুয়াঘাট-শেরপুর আঞ্চলিক মহাসড়কের বাঁক বা মোড়গুলো ঝুঁকিপূর্ণ হয়ে মরণফাঁদে পরিণত হয়েছে। সূত্রে জানা গেছে, এ বছর জুলাই মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত পাঁচ মাসে এ সড়কে বাস-ট্রাক-সিএনজি ও অটোরিকশা দুর্ঘটনায় নারী ও শিশুসহ অর্ধশতাধিক নিহত হয়েছে।
এ ছাড়া, আহত হয়েছে প্রায় ২ শতাধিক। সরজমিন ঘুরে দেখা গেছে, ময়মনসিংহ-হালুয়াঘাট-শেরপুর আঞ্চলিক মহাসড়কের তারাকান্দা উপজেলার গোপালপুর, রূপচন্দ্রপুর, কোধালধর, বটতলা, গোয়াতলা কাকনী, বাগুন্দা, ধলীবাজার ও ফুলপুর উপজেলার ইমাদপুর, কাহাড়া, ইন্দারের পাড় ময়মনসিংহ-শেরপুর সড়কের বাশাটি, মোকামিয়া সহ অর্ধশতাধিক মোড়ে বাঁক রয়েছে। ফলে দ্রুত ও বেপরোয়া গতিতে যানবাহন চলাচলে অহরহ ঘটছে দুর্ঘটনা। বাঁক ও মোড়গুলোতে সড়ক ও জনপদ বিভাগ সাংকেতিক চিহ্ন দিলেও দুর্ঘটনা বেড়েই চলেছে। এ ছাড়া, তারাকান্দা উপজেলা প্রশাসন ঝুঁকিপূর্ণ বাঁকগুলোতে দুর্ঘটনায় কবলিত এলাকা উল্লেখ করে সাইনবোর্ড দিলেও চালকরা তা মানছে না। ফলে এ সড়কে দিন দিন সড়ক দুর্ঘটনা বেড়ে হতাহতের ঘটনা ঘটছে।
