শীতের আগমনী বার্তা মানেই গ্রামবাংলার ঘরে ঘরে খেজুরের রসের কদর। একসময় শীতের সকালে খেজুর গাছ থেকে টাটকা রস সংগ্রহ, তা পান করা এবং রস দিয়ে পিঠা-পুলি ও নানা রকমের পায়েস তৈরির ধুম ছিল। কিন্তু কালের বিবর্তনে সেই চিরচেনা দৃশ্য এখন অনেকটাই হারিয়ে যাচ্ছে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলাতেও দিন দিন কমে আসছে খেজুর গাছের সংখ্যা। একই সঙ্গে কমছে ঐতিহ্যবাহী গাছি পেশায় জড়িত মানুষের সংখ্যা। ফলে হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেজুরের রস সংগ্রহের সংস্কৃতি।
একসময় উপজেলার বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও সড়কের পাশে প্রচুর খেজুর গাছ দেখা যেতো। শীত মৌসুম শুরু হলেই গাছিরা খেজুর গাছ পরিষ্কার করে রস সংগ্রহের প্রস্তুতি নিতেন। সন্ধ্যায় গাছে হাঁড়ি বেঁধে রেখে ভোরে সেই হাঁড়িভর্তি মিষ্টি রস নিয়ে বাড়ি ফিরতেন তারা। ভোরের কুয়াশা উপেক্ষা করে অনেকেই ছুটে যেতেন টাটকা খেজুরের রসের স্বাদ নিতে। স্থানীয়দের মতে, আগে শীতের মৌসুমে খেজুরের রস ও গুড়ের ব্যাপক চাহিদা ছিল। অনেক পরিবারে খেজুরের রস দিয়ে পিঠা-পুলি, পায়েস ও নানা ধরনের মুখরোচক খাবার তৈরি করা হতো। কিন্তু বর্তমানে খেজুর গাছ কমে যাওয়া, গাছি পেশায় আগ্রহের অভাব এবং পেশাটির সঙ্গে নতুন প্রজন্মের সম্পৃক্ততা না থাকায় এই ঐতিহ্য ক্রমেই বিলুপ্তির পথে।
শায়েস্তাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরাম হোসেন জানান, বর্তমানে উপজেলায় আনুমানিক ১১০টি খেজুর গাছ রয়েছে। গত বছর কিছু খেজুর গাছের চারা কৃষি প্রণোদনা হিসেবে বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের প্রণোদনা দেয়ার সম্ভাবনা রয়েছে। খেজুরের রস কেবল একটি মৌসুমি পানীয় নয়, এটি গ্রামবাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও লোকজ জীবনের অবিচ্ছেদ্য অংশ। এই ঐতিহ্য রক্ষায় পরিকল্পিতভাবে খেজুর গাছ রোপণ, বিদ্যমান গাছ সংরক্ষণ এবং গাছিদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দেয়া প্রয়োজন।
পাশাপাশি নতুন প্রজন্মকে এ পেশায় আগ্রহী করে তুলতে কার্যকর উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
