কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে গিয়ে ৩ দিন ধরে আটকা পড়া পর্যটকদের মধ্যে প্রথম দফায় ৩৫০ জন স্থানীয় বাসিন্দা ও পর্যটক টেকনাফের উদ্দেশ্যে রওনা হয়েছেন। জরুরি প্রয়োজন ও অসুস্থতার পাশাপাশি নিজ উদ্যোগে দ্বীপ ছাড়তে আগ্রহীদের ফিরিয়ে আনতে এ ব্যবস্থা করা হয়েছে।
শনিবার সকালে ৯টি সার্ভিস ট্রলারে করে তাদের ফেরত আনা হয়। আরও হাজারের অধিক পর্যটক সেন্টমার্টিনে অবস্থান করছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে সেন্টমার্টিন জেটি ঘাট থেকে ট্রলারগুলো যাত্রা শুরু করে। প্রতিটি ট্রলারে ৬০ জন করে যাত্রী নেয়ার কথা রয়েছে। দ্বীপে থাকা বাকি পর্যটকদের পর্যায়ক্রমে ফিরিয়ে আনা হবে।
এদিকে কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি থাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কক্সবাজার-সেন্টমার্টিনসহ সংশ্লিষ্ট নৌপথে পর্যটকবাহীসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ১৮ই নভেম্বর কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছড়া ঘাট থেকে এমভি বারো আউলিয়া, কর্ণফুলী এক্সপ্রেস, এমভি টেকনাফ ও এমভি মালঞ্চ নামের ৪টি জাহাজে করে পর্যটকরা সেন্টমার্টিন ভ্রমণে যান। পরদিন বৃহস্পতিবার থেকে আবহাওয়ার অবনতি ও সাগর উত্তাল হয়ে ওঠায় কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় দেড় হাজার পর্যটক দ্বীপে আটকা পড়েন। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, বৈরী আবহাওয়ার কারণে দ্বীপে বেশ কিছু পর্যটক আটকা পড়েছেন। তবে তারা স্বাভাবিকভাবে চলাফেরা করছেন। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা তাদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। জরুরি প্রয়োজনে এবং নিজ উদ্যোগে দ্বীপ ছাড়তে আগ্রহীদের সার্ভিস ট্রলারে করে টেকনাফে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। আটকে পড়া পর্যটকদের দুর্ভোগ কমাতে এগিয়ে এসেছেন দ্বীপের হোটেল ব্যবসায়ীরা।
অনেক হোটেলে পর্যটকদের জন্য কক্ষভাড়া ৫০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। আবার কিছু হোটেলে বিনামূল্যে থাকার ব্যবস্থাও করা হয়েছে। সি ক্রুজ অপারেটর ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর জানান, বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার থেকে সেন্টমার্টিনগামী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে দ্বীপে আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। আবহাওয়া স্বাভাবিক হলে আজ (রোববার) থেকে পুনরায় জাহাজ চলাচল শুরু করা হবে। বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, আবহাওয়া অনুকূলে থাকলে রোববার থেকে আবার জাহাজ চলাচল শুরু হতে পারে।
