বৃষ্টিতে সবজি-চালে উত্তাপ

বৃষ্টিতে সবজি-চালে উত্তাপ

ফন্ট সাইজ:

টানা দু’দিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজছে রাজধানী। শীতের আগাম সবজি আসা শুরু হলেও বৃষ্টির ফলে বাজারে দাম কিছুটা বেড়েছে। যদিও এবার শীতের সবজির দামের ক্ষেত্রেও হেরফের দেখা যাচ্ছে না। সপ্তাহখানেকের ব্যবধানে বাজারে বেড়েছে চালসহ বেশক’টি মুদিপণ্যের দাম। অন্যদিকে গত দুই থেকে তিন সপ্তাহে বিভিন্ন প্রকার মসলা যেমন- জিরা, এলাচ, শুকনা মরিচ, হলুদ ও লবঙ্গের দামও বেড়েছে উল্লেখযোগ্য হারে। বিশেষ করে এলাচের কেজিতে দাম বেড়েছে ৩০০ থেকে ৪০০ টাকা।

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে নিত্যপণ্যের দরের এই চিত্র দেখা গেছে। বাজারে ঊর্ধমুখী পণ্যের দামে বাড়তি খরচের চাপে পড়ছেন ক্রেতারা। আমনের মৌসুমে চালের দাম কমার কথা থাকলেও উল্টো চিত্র দেখা যাচ্ছে এবার। রাজধানীর বাজারগুলোতে গত ১৫ দিনের ব্যবধানে বিভিন্ন ব্র্যান্ডের নাজিরশাইল চালের দাম কেজিতে তিন থেকে চার টাকা বেড়েছে। একই সময়ে মিনিকেট চালের দামও বেড়েছে কেজিতে এক থেকে দুই টাকা। তবে অপরিবর্তিত রয়েছে মোটা চালের দাম। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের মিনিকেট চালের দামও বেড়েছে। শুক্রবার রসিদ ব্র্যান্ডের মিনিকেট চাল প্রতি কেজি ৬৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে। আগে একই চালের দাম ছিল ৬২-৬৩ টাকা। আবার সাগর, মঞ্জুর ও ডায়মন্ড ব্র্যান্ডের মিনিকেট চালের দাম কেজিতে ২-৩ টাকা বেড়ে ৭৫ টাকায় উঠেছে।

মোজাম্মেল ব্র্যান্ডের মিনিকেট চালের দাম কেজিতে ২ টাকা বেড়ে ৮০ টাকা হয়েছে। এ ছাড়া ব্রি-২৮ ও ব্রি-২৯ জাতের চালের দাম কেজিতে এক থেকে দুই টাকা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, চলতি মাসের শুরু থেকে পাইকারি বাজারে নাজিরশাইল চালের দাম ধীরে ধীরে বাড়ছিল। চলতি সপ্তাহে সেই মূল্যবৃদ্ধির প্রভাব খুচরা বাজারেও পড়েছে। বাজারে পুরোনো নাজিরশাইল চালের সরবরাহ শেষের দিকে। অন্যদিকে নতুন মৌসুমের চাল এখনো বাজারে আসেনি। নভেম্বরের শেষ দিকে কিংবা ডিসেম্বরের মাঝামাঝি নতুন নাজিরশাইল চাল বাজারে আসতে পারে। এর মধ্যে পুরনো চালের চাহিদা বেড়ে যাওয়ায় দাম কিছুটা বেড়েছে।

আবার স্থানীয় কৃষকরা বলছেন, বর্তমানে বাজারে যে চাল পাওয়া যাচ্ছে, তা গত বোরো মৌসুমের ধানের। চলতি আমন মৌসুমের ধানের চাল পেতে আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে। কাওরানবাজারের খুচরা চাল বিক্রেতা গোলাম মাওলা বলেন, মাসের শুরুর দিকে আড়ত থেকে নাজিরশাইলের যে বস্তা ২ হাজার ৭০ টাকায় কিনেছিলাম একই চালের বস্তা বৃহস্পতিবার কিনতে হয়েছে ২ হাজার ১৫০ টাকায়। পাইকারিতেই বস্তাপ্রতি দাম বেড়েছে ৮০ টাকা। কেজিতে হিসাব করলে দাম বেড়েছে তিন টাকার কিছু বেশি। খুচরা পর্যায়ে এই দাম আরও প্রায় এক টাকা বেড়ে যায়। একই বাজারের পাইকারি চাল বিক্রেতা মো. আমিন বলেন, নাজিরশাইল চালের দাম বাড়ার পেছনে মৌসুমি সরবরাহ সংকটের একটি কারণ থাকলেও মিনিকেট চালের দাম বাড়ার কারণ বলা যাচ্ছে না। নাজিরশাইল চালের দাম বাড়ার সুযোগে চালকলের অনেক মালিক মিনিকেট চালের দামও বাড়িয়ে দিয়েছেন।

এদিকে দু’দিন টানা বৃষ্টির প্রভাব পড়েছে কাঁচা বাজারদরে। বিক্রেতারা বলছেন- বৃষ্টির কারণে ক্ষেত থেকে সবজি তুলতে পারেনি কৃষকরা। ফলে শুক্রবার ঢাকায় সবজির ট্রাক তুলনামূলক কম ঢুকেছে। সব মিলিয়ে চাহিদার তুলনামূলক সরবরাহ কম হওয়ায় দাম কিছুটা বেড়েছে। খুচরা সবজি বিক্রেতা খোরশেদ আলম বলেন, এখন সবজির সরবরাহ একেবারেই কম। মূলত গতকাল বৃষ্টির কারণে ক্ষেত থেকে সবজি তুলতে পারেনি কৃষকরা। যে কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর পাইকারি বাজারগুলোতে সবজি ভর্তি ট্রাক তুলনামূলক কম ঢুকেছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় একটু বেশি দামেই বিক্রি করতে হচ্ছে সবজি।

বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি পুরনো আলু ২৫ থেকে ৩০ টাকা, পেঁপে ৩০ টাকা, পটল ৫০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা এবং চিচিঙ্গা ৬০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুন ৬০ থেকে ১০০ টাকা, শিম ৬০ থেকে ৮০ টাকা, করলা ৮০ টাকা, বরবটি ৮০ টাকা এবং ঝিঙা ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া মুলা ৪০ থেকে ৫০ টাকা কেজি, ফুলকপি ৩০ থেকে ৪০ টাকা এবং লাউ প্রতিটি ৫০ থেকে ৭০ টাকায় পাওয়া যাচ্ছে। অন্যদিকে নতুন আলুর দাম এখনও বেশি; প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকায়। শাকের বাজারে প্রতি আঁটি লালশাক ১৫ টাকা, পালংশাক ২০ টাকা এবং পুঁইশাক ৩০ টাকায় বিক্রি হচ্ছে। তবে সপ্তাহের ব্যবধানে মুরগি ও ডিমের দাম কিছুটা কমেছে।

শুক্রবার প্রতি কেজি ব্রয়লার মুরগি এখন ১৭০ থেকে ১৮০ টাকা এবং প্রতি ডজন ডিম বিক্রি হয়েছে ১৩০ থেকে ১৪০ টাকায়। মুদিপণ্যের মধ্যে প্রতি কেজি খোলা আটায় ২ টাকা, খোলা ময়দা কেজিতে পাঁচ টাকা বেড়েছে। প্যাকেটজাত আটার দাম প্রতি কেজি ৬৫ থেকে ৭০ টাকা এবং প্যাকেটজাত ময়দা ৮৫ থেকে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। মসলাজাতীয় পণ্যের দামেও বেশ ঊর্ধ্বমুখিতা দেখা গেছে। গত দুই থেকে তিন সপ্তাহে প্রতি কেজি জিরার দাম ৪০ থেকে ৫০ টাকা বেড়েছে। বর্তমানে জিরা বিক্রি হচ্ছে ৫৪০ থেকে ৬০০ টাকা কেজি দরে। সবচেয়ে বেশি বেড়েছে এলাচের দাম। গত ১৫ থেকে ২০ দিনে প্রতি কেজি এলাচের দাম বেড়েছে ৩০০ থেকে ৪০০ টাকা। এ ছাড়া শুকনা মরিচের দাম কেজিতে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। হলুদের দাম বেড়েছে ৫০ থেকে ১০০ টাকা। লবঙ্গের দামও কেজিতে ৭০ থেকে ৮০ টাকা পর্যন্ত বেড়েছে।