ঘূর্ণিঝড় ‘আকভান’ বিপাকে মহম্মদপুরের কৃষক

ফন্ট সাইজ:

বঙ্গোপসাগরে সম্প্রতি সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’র প্রভাবে তিনদিন ধরে মাগুরার মহম্মদপুরে বৈরী আবহাওয়া বিরাজ করছে। সবুজের দিগন্ত মাঠ জুড়ে এখন সোনালি আমন ধান কাটার ভরা মৌসুম এবং আগাম শীতকালীন সবজির সময়। কিন্তু আকাশে মেঘ দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও দমকা হাওয়া চলতে থাকায় অনেক কৃষকের জমিতে কেটে রাখা ধান পানিতে ভাসছে। শীতকালীন সবজিও ডুবে গেছে পানিতে। এতে করে ধান ও সবজি নষ্ট হওয়ায় কৃষকরা পড়েছে চরম বিপাকে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় ‘আকভান’ বাংলাদেশের উপকূলে সরাসরি আঘাত না হানলেও এর প্রভাবে গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে খুলনা বিভাগের মাগুরাসহ আশপাশের জেলাগুলোতে বৃষ্টিবলয় সক্রিয় হয়েছে।

গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই বৈরী আবহাওয়া রোববার সকাল নাগাদ অব্যাহত থাকতে পারে। মহম্মদপুর কৃষি অফিস সূত্রে জানা যায়, মহম্মদপুরে ১২ হাজার ৩৮৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হযেছে। এ ছাড়া, প্রচুর পরিমাণে আগাম শীতকালীন সবজি আবাদ করেছেন উপজেলার কৃষকরা। সরজমিন দেখা যায়, কেটে রাখা ধান পানিতে ভাসছে, সবজি তলিয়ে গেছে। আগাম শীতকালীন বিভিন্ন সবজির চারার গোড়া পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া, ধান পেকে গেলেও হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে শ্রমিক না পাওয়ায় ধান কেটে ঘরে তুলতে পারেননি কৃষকরা।

মহম্মদপুর উপজেলার ধোয়াইল, বাবুখালী, বিনোদপুর, রাজাপুর সহ কয়েকজন কৃষকদের সঙ্গে কথা বললে তারা জানান, কেটে রাখা ধান পানিতে ভাসছে দ্রুত রোদ না হলে ধান পচে নষ্ট হয়ে যাবে। উপজেলার কৃষক আজিজুর রহমান বলেন, মাঠে পাকা ধান রয়েছে কিন্তু বৃষ্টির কারণে কাটতে পারছি না। সময় মতো ধান কাটা এবং মাড়াই করতে না পারলে যে লোকসান হবে সেটা কাটিয়ে ওঠা কঠিন হবে। উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান শিলু মানবজমিনকে বলেন, বর্তমান মেঘলা আকাশ ও বৃষ্টির আবহাওয়ায় কৃষকদের সতর্ক থাকতে হবে। যেসব জমির আমন ধান ৮০ শতাংশের বেশি পেকে গেছে, বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে দ্রুত সেগুলো কেটে নিরাপদ ও উঁচু স্থানে সংরক্ষণ করতে হবে। কাটা ধান যেন দীর্ঘমেয়াদি সময় ভিজে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি শীতকালীন সবজি ও বীজতলার জমি থেকে দ্রুত অতিরিক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে।