চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির ঘটনায় বোর্ডের প্রোগ্রামারসহ তিন কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শনিবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক। অকৃতকার্য এক শিক্ষার্থীর নম্বর বাড়িয়ে পাস করানোর অভিযোগে দায়ের করা মামলার তদন্তে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শিক্ষা বোর্ডের স্ক্যানিং বিভাগের কর্মী ফরহাদুল ইসলাম (২৯), শহিদুল আলম জিসান (২৭) এবং কম্পিউটার বিভাগের প্রোগ্রামার মো. আবদুল মালেক (৫৬)।
এর আগে, গত বুধবার রাতে সিআইডি’র ঢাকা মেট্রো হিনিয়াস ক্রাইম শাখার একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে তাদের পাঁচলাইশ থানায় সোপর্দ করা হয়। সিআইডি’র তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. রাসেল জানান, ফল জালিয়াতির সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় ফলাফল প্রস্তুতের দায়িত্বে থাকা কম্পিউটার বিভাগের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ দীর্ঘ ১৩ বছর ধরে একই দায়িত্বে রয়েছেন। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ১০ বিষয়ে অকৃতকার্য এক শিক্ষার্থীর নম্বর পরিবর্তন করে পাস করানোর অভিযোগ ওঠে। এ ঘটনায় শিক্ষা বোর্ডের কম্পিউটার সেলের তিন কর্মচারী ও ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেন বোর্ডের সচিব।
এজাহারে উল্লেখ করা হয়, ওই শিক্ষার্থীর বাংলা প্রথম পত্রে ২৩ নম্বরের পরিবর্তে ৩৩, দ্বিতীয় পত্রে ২৪-এর পরিবর্তে ৬২, ইংরেজি প্রথম পত্রে ৩৩-এর পরিবর্তে ৮৩ এবং দ্বিতীয় পত্রে ২০-এর পরিবর্তে ৮২ নম্বর বসানো হয়। এ ছাড়া গণিতে ৯-এর পরিবর্তে ৬৬, ইসলাম শিক্ষায় ৭-এর পরিবর্তে ৬৪, উচ্চতর গণিতে শূন্যের পরিবর্তে ৪৬, পদার্থবিজ্ঞানে শূন্যের পরিবর্তে ৪৫, রসায়নে ১-এর পরিবর্তে ৪৬, জীববিজ্ঞানে ১-এর পরিবর্তে ৪৬ এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৪-এর পরিবর্তে ৬৫ নম্বর দেয়ার অভিযোগ আনা হয়েছে।
গ্রেপ্তার ফরহাদুল ইসলামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। শহিদুল আলম জিসানের বাড়ি নগরের হালিশহরে। আর আবদুল মালেকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায়। তিনি নগরের চকবাজার এলাকায় বসবাস করেন। উল্লেখ্য, এর আগেও চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফল জালিয়াতির অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় থানা পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দিলেও বিভিন্ন অসঙ্গতি থাকায় আদালত তা গ্রহণ করেননি। ফলে আগের ওই ঘটনার তদন্ত নিয়েও প্রশ্ন রয়ে গেছে।
