জাবিতে কনসার্টে ধূমপান নিয়ে সংঘর্ষ

ফন্ট সাইজ:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৪৯ ব্যাচ কর্তৃক আয়োজিত ‘দি লাস্ট ড্যান্স উইথ ৪৯’ কনসার্টে ধূমপান করতে নিষেধ করাকে কেন্দ্র করে চতুর্থ (৫২ ব্যাচ) ও তৃতীয় (৫৩ ব্যাচ) বর্ষের শিক্ষার্থীদের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া সংলগ্ন সিঁড়ির কাছে এ ঘটনা ঘটে। একই দিন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর পৃথক লিখিত অভিযোগ দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে দুই পক্ষের শিক্ষার্থীরা। আন্তর্জাতিক সম্পর্ক (আই আর) বিভাগের তৃতীয় বর্ষের (৫৩ ব্যাচ) শিক্ষার্থীদের অভিযোগ, ৪৯তম ব্যাচের আয়োজনে অনুষ্ঠিত কনসার্টে হাসান (আর্ক) ও শিরোনামহীন ব্যান্ডের পরিবেশনা চলাকালে ৫২তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী তাদের পেছনে দাঁড়িয়ে ধূমপান করছিলেন। ধোঁয়া তাদের দিকে আসায় নিষেধ করলে একপর্যায়ে জিসান আহমেদের (৫৩ ব্যাচ) সঙ্গে তাদের কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। পরে আয়োজক কমিটির সদস্যরা এসে পরিস্থিতি শান্ত করেন।

অভিযোগপত্রে আরও বলা হয়, কনসার্ট শেষে ক্যাফেটেরিয়ার সিঁড়ির কাছে পুনরায় দুই পক্ষের মুখোমুখি হলে কথাকাটাকাটির একপর্যায়ে শাহরিয়ার দিহান পেছন থেকে হেলমেট দিয়ে নিলয়ের (আইআর-৫৩) মাথায় আঘাত করেন। এতে নিলয় সিঁড়ি থেকে নিচে পড়ে যান। পরে তাকে মারধর করা হয়। এতে তার মাথা ফেটে যায়। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার মাথায় দু’টি সেলাই দেয়া হয়েছে। গুরুতর আহত জিসানকেও অক্সিজেন দিয়ে ওই হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া সামিহা সাদাফ (আইআর-৫৪) চোখে আঘাত পান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে চতুর্থ বর্ষের (৫২ ব্যাচ) শিক্ষার্থীদের করা পাল্টা অভিযোগে বলা হয়, ধূমপান করতে নিষেধ করার পর তারা তা বন্ধ করেন। পরে তাদের সঙ্গে উগ্র আচরণের কারণ জানতে চাইলে জিসান দিহানের কলার চেপে ধরেন। পরবর্তী সময়ে বিষয়টি সমাধানের জন্য আলোচনার উদ্যোগ নেয়া হয়। ক্যাফেটেরিয়ার সিঁড়ির কাছে কথা বলতে গেলে নিলয় (আই আর-৫৩) ধাক্কা দিয়ে তাদের একজনকে নিচে ফেলে দেন বলে অভিযোগ করেন তারা। পরে উভয়পক্ষের মধ্যে হাতাহাতিতে কয়েকজন আহত হন।

এসময় তাদের মোবাইল ফোন ও মানিব্যাগ হারিয়ে যায়— পরবর্তীতে ৫৩তম ব্যাচের এক শিক্ষার্থীর কাছে জোরপূর্বক জব্দ করে রাখার অভিযোগও করা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হালিম বলেন, ‘উভয়পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তা গ্রহণ করা হয়েছে। অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন প্রশাসনের কাছে জমা দেয়া হবে। তদন্তে প্রকৃত ঘটনা উঠে এলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত শৃঙ্খলাবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’