শ্রীলঙ্কার বিপক্ষে ‘তৃপ্তিদায়ক’ জয়ে সিরিজ পাকিস্তানের

শ্রীলঙ্কার বিপক্ষে ‘তৃপ্তিদায়ক’ জয়ে সিরিজ পাকিস্তানের

ফন্ট সাইজ:

ব্যাটিং বিপর্যয়ে প্রথম ইনিংসে মাত্র ৯৮ রানে গুটিয়ে যাওয়ার খেসারত দিলো শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও পাকিস্তানের সামনে বড় লক্ষ্য দাঁড় করাতে পারলো না তারা। মাত্র ৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩ ওভারেই জয় নিশ্চিত করলো স্বাগতিকরা। দ্বিতীয় টেস্টে ৮ উইকেটের এ জয়ে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে নিজেদের করে নিলো পাকিস্তান। ম্যাচের পর এ জয়কে ‘তৃপ্তিদায়ক’ হিসেবে আখ্যায়িত করেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। রাওয়ালপিন্ডিরই প্রথম ম্যাচটি হয় ড্র। শুক্রবার ম্যাচের চতুর্থ দিনে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের শেষ উইকেটটি তুলে নেন মোহাম্মদ আব্বাস। তাতেই ৩১৬ রানে থামে সফরকারীদের ইনিংস। প্রথম ইনিংসে ৯৮ রান করায় পাকিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৯০ রান। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরুতেই দুটি উইকেট হারায় পাকিস্তান। লাহিরু কুমারার বলে বোল্ড হন তাইয়্যাব আরিফ। পরের ওভারে আসিথা ফার্নান্দোর শিকার হয়ে ফেরেন মোহাম্মদ তাহা। তবে তাতে জয়ের পথে কোনো বাধা তৈরি হয়নি। আজান আওয়াইস ও আমের জামালের ব্যাটে দ্রুতই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র ২২ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন জামাল। অন্য প্রান্তে আওয়াইস ৩৬ বলে করেন অপরাজিত ৩২ রান। এ জয়ে বল হাতে জামালের অবদানও ছিল অনবদ্য। দুই ইনিংস মিলিয়ে ছয় উইকেট নেয়ার পাশাপাশি দ্বিতীয় ইনিংসে দলের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। প্রথম ইনিংসে তিন উইকেট নেয়া জামাল দ্বিতীয় ইনিংসেও শিকার করেন তিন ব্যাটারকে। মোহাম্মদ আব্বাস নেন তিন উইকেট। এ ছাড়া রেজাউল্লাহর শিকার দুটি।

দ্বিতীয় ইনিংসে অবশ্য লড়াইয়ের চেষ্টা করে শ্রীলঙ্কা। কামিল মিশারা করেন ৫৩, দিনুশা ৫৪ এবং রত্নায়েকে অপরাজিত ৬৬ রান। তবে কোনো জুটিই পাকিস্তানের সামনে বড় চ্যালেঞ্জ ছুড়ে দেয়ার মতো হয়ে ওঠেনি। শেষ পর্যন্ত ৩১৬ রানেই থামে তাদের ইনিংস। ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেন, ‘এই জয় আমাদের জন্য ভীষণ তৃপ্তিদায়ক। তরুণ ক্রিকেটাররা সুযোগ কাজে লাগিয়েছে, যা আমাকে আনন্দিত করেছে। ড্রেসিংরুমে ইতিবাচক পরিবেশ তৈরি করতে চাই, যাতে প্রত্যেকের মধ্যে লড়াই করার মানসিকতা থাকে।’ দলের তরুণদের প্রশংসা করে বাবর আরও বলেন, ‘ম্যাচের পরিস্থিতি যেমনই হোক, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং প্রত্যেককে দায়িত্ব নিতে হবে। গাজির উইকেটকিপিং ও নিচের দিকে ব্যাটিংয়ে দায়িত্বশীলতা তার চরিত্রের পরিচয় দিয়েছে। আর ঘণ্টায় ১৪৫ কিলোমিটার গতিতে বল করতে পারে, এমন বোলার রেজাউল্লাহ দলে থাকাটা আমাদের আত্মবিশ্বাস জোগায়।’ এই জয়ের মধ্য দিয়ে পাঁচ টেস্ট পর জয়ের স্বাদ পেলো পাকিস্তান। অন্যদিকে গত জুনে দীর্ঘ ১২ মাসের বিরতি কাটিয়ে টেস্ট ক্রিকেটে ফেরার পর ছয় ম্যাচেও জয়ের দেখা পেল না শ্রীলঙ্কা।