ঘূর্ণিঝড় আকভান

বৃষ্টি থাকবে আজও

ফন্ট সাইজ:

ভারতীয় উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড় ‘আকভান’র প্রভাবে আজও বাংলাদেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি শুক্রবার সন্ধ্যার ভেতরে গভীর নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে আজ বৃষ্টি থাকবে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে বৃষ্টির আভাস দেয়া হয়েছে। রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের শঙ্কা রয়েছে। এদিনও সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

অন্যদিকে, রোববারও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির আভাস দেয়া হয়েছে।
ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল বাংলাদেশ সময় সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ঘূর্ণিঝড়টি দক্ষিণ উপকূলীয় ওড়িশা ও পাশের উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ অতিক্রম করে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার, যা দমকা হাওয়ায় ৯০ কিলোমিটার পর্যন্ত উঠেছিল।