জরিমানা গুনলেন হৃদয়

জরিমানা গুনলেন হৃদয়

ফন্ট সাইজ:

জোহানেসবার্গ টেস্টে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ করে আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেলেন তাওহীদ হৃদয়। টাইগার ব্যাটারের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করার পাশাপাশি শৃঙ্খলাভঙ্গের রেকর্ডে যোগ হলো দু’টি ডিমেরিট পয়েন্ট। বুধবার জোহানেসবার্গে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ঘটে এই ঘটনা। আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড়-সংশ্লিষ্ট কর্মকর্তাদের আচরণবিধির লেভেল-১ পর্যায়ের অপরাধ করেছেন হৃদয়। তার বিরুদ্ধে আনা অভিযোগটি আচরণবিধির ২.৮ অনুচ্ছেদের আওতাভুক্ত। আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশের বিষয়টি এই অনুচ্ছেদে উল্লেখ রয়েছে। ম্যাচ চলাকালে আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ ঘোষণা করেন আম্পায়াররা। এরপর মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ বাংলাদেশের ড্রেসিংরুমের বারান্দার পাশ দিয়ে যাওয়ার সময় তাদের সঙ্গে কথা বলেন হৃদয়। এ সময় খেলা বন্ধের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। তার মতে, আরও আগেই খেলা বন্ধ করা উচিত ছিল। তবে আম্পায়ারদের সঙ্গে কথা বলার ধরন ছিল আক্রমণাত্মক ও অনভিপ্রেত।

ঘটনার দায় স্বীকার করে নেন হৃদয়। আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তিও মেনে নেন তিনি। ফলে এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। অন-ফিল্ড আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফের পাশাপাশি তৃতীয় আম্পায়ার আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ার লুবাবালো গুমা তার বিরুদ্ধে অভিযোগ আনেন। গত ২৪ মাসে এটিই হৃদয়ের প্রথম অপরাধ। লেভেল-১ পর্যায়ের অপরাধে সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক সতর্কবার্তা। সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট। উল্লেখ্য, দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ২৩শে নভেম্বর।