সাফের ব্যর্থতায় চারদিক থেকে সমালোচনার মুখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ থমাস ডুলি। দলের টিম লিডার ইকবাল হোসেন পাকিস্তানের কাছে ম্যাচ হারে কোচের কৌশলকে দায়ী করেছেন। অধিনায়ক জামাল ভূঁইয়াও সরাসরি প্রশ্ন তুলেছেন টিম ম্যানেজমেন্টের ভূমিকা নিয়ে। এমন পরিস্থিতিতে আত্মপক্ষ সমর্থনে না গিয়ে এবার পাল্টা আক্রমণ করলেন ডুলি। সমালোচকদের পাশাপাশি অধিনায়ক জামাল ভূঁইয়া ও ফরোয়ার্ড শেখ মোরসালিনকে নিয়েও প্রকাশ্যে ক্ষোভ ঝাড়লেন এই আমেরিকান-জার্মান কোচ। জাতীয় দলের হয়ে খেলতে হলে শতভাগ নিবেদন, পেশাদারিত্ব ও নিয়মিত অনুশীলনের প্রয়োজনীয়তার কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হারের পর ডুলির কৌশল ও দল পরিচালনা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে দুই গোলে এগিয়ে থাকার পরও হামজা চৌধুরী ও শমিত সোমকে পুরো সময় খেলানোর সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে। এসব সমালোচনার জবাব দিতে গিয়ে নিজের কৌশলের পক্ষে যুক্তি তুলে ধরেছেন ডুলি। পাশাপাশি জামাল ও মোরসালিনকে নিয়েও কথা বলেছেন তিনি।
অধিনায়ক জামালের সংবাদমাধ্যমে দেয়া বক্তব্যে আপত্তি জানিয়েছেন ডুলি। তার মতে, দলের স্টাফ ও ম্যানেজমেন্ট নিয়ে অধিনায়কের প্রকাশ্যে কথা বলা উচিত নয়। এ প্রসঙ্গে হামজার উদাহরণ টেনে তিনি বলেন, ‘হামজা কখনও এমন করতো না। ওর উচিত তাকে অনুসরণ করা।’ জামালের একাদশে জায়গা না পাওয়া নিয়েও পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন ৬৫ বছর বয়সী কোচ। তিনি বলেন, ‘আমি ওকে কার জায়গায় নামাবো? হামজা, শমিত নাকি কাজেমের জায়গায়!’ সমালোচকদেরও ছাড় দেননি ডুলি। তার ভাষায়, ‘সমালোচকেরা কারা? যারা কখনও মাঠেই খেলেনি, অথবা যাদের ভিন্ন মতামত আছে।’ অন্যদিকে, ফরোয়ার্ড মোরসালিনের অনুশীলন ও ফিটনেস নিয়েও প্রশ্ন তুলেছেন কোচ। প্রথম ম্যাচে জ্বরের কারণে খেলতে পারেননি মোরসালিন। পরবর্তী দুই ম্যাচে নিজেকে ফিট দাবি করলেও কেন খেলতে পারেননি, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ডুলি। তার দাবি, গত ছয় মাসে, বিশেষ করে সান মেরিনো ম্যাচের পর মোরসালিন কতটি অনুশীলন সেশনে অংশ নিয়েছেন, সেটি আগে জানা প্রয়োজন। ডুলি বলেন, ‘আপনি তাকে জিজ্ঞেস করেন, গত ছয় মাসে কয়দিন অনুশীলন করেছে। তারপর আমাকে উত্তর দেন, সে খেলতে পারবে কি না!’ জাতীয় দলের হয়ে খেলতে হলে দেশের জন্য সর্বোচ্চটা দেয়ার মানসিকতা থাকতে হবে বলেও মনে করেন তিনি। ডুলি বলেন, ‘আপনি যদি দেশের হয়ে খেলতে চান, তবে দেশের জন্য জীবন দিতে হবে এবং নিজের সবটুকু উজাড় করে দিতে হবে।’
মোরসালিনের ফিটনেস নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি নিজের ফিটনেসের কথাও উল্লেখ করে এই কোচ বলেন, ‘আমিও খেলার মতো ফিট ছিলাম।’ পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে হারের পর নিজের কৌশল নিয়ে ওঠা প্রশ্নের জবাবেও আত্মপক্ষ সমর্থন করেছেন ডুলি। তার দাবি, বাংলাদেশ ওই ম্যাচে ৬৩ শতাংশ বলের দখল রেখেছিল। রাকিবের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট না হলে দল এগিয়ে যেতে পারত। শেষ পর্যন্ত ৮৬ মিনিটে ব্যক্তিগত ভুলে গোল হজম করে হারতে হয়েছে। ডুলির মূল্যায়ন, ‘খেলাটাও ঠিক ছিল, গেম প্ল্যানও ঠিক ছিল। ফলটা ঠিক আসেনি।’ পাকিস্তানের রক্ষণভাগের প্রশংসা করে ডুলি বলেন, প্রতিপক্ষের কয়েকজন শক্তিশালী ডিফেন্ডার অসাধারণ খেলেছেন। তাদের মধ্যে দুজন হামজার মতো খেলোয়াড়কে দীর্ঘ সময় আটকে রাখতে পেরেছেন। তবে বাংলাদেশের মাঝমাঠে পাসিংয়ের ঘাটতি ছিল বলে স্বীকার করেছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে হামজা-শমিতকে পুরো সময় খেলানোর সিদ্ধান্তের ব্যাখ্যায় আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ত সূচির উদাহরণ টেনেছেন ডুলি। তার মতে, আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড়রা সপ্তাহে তিনটি ম্যাচ খেলেও সারা বছর নিয়মিত অনুশীলন করেন। অথচ বাংলাদেশের স্থানীয় ফুটবলারদের অনুশীলনে ঘাটতি রয়েছে। তিনি বলেন, ‘এমন আন্তর্জাতিক খেলোয়াড় আছেন যারা সপ্তাহে তিনটা করে ম্যাচ খেলেন; ওই খেলোয়াড়রা সারা বছর প্রতিদিন অনুশীলন করেন, আমাদের স্থানীয় খেলোয়াড়দের মতো নন, যারা বছরে বেশির ভাগ সময়ই অনুশীলনই করেন না।
