মাঠে ব্যর্থতা পুরস্কারে উজ্জ্বল বাফুফে!

মাঠে ব্যর্থতা পুরস্কারে উজ্জ্বল বাফুফে!

ফন্ট সাইজ:

মাঠে একের পর এক ব্যর্থতা, আন্তর্জাতিক ফুটবলে হতাশার পর হতাশা। ঘরোয়া ফুটবলেও নেই কাঙ্ক্ষিত গতি কিংবা মানোন্নয়নের দৃশ্যমান ছাপ। অথচ আন্তর্জাতিক পুরস্কারের মঞ্চে বেশ উজ্জ্বল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) মঞ্চ থেকে দুটি পুরস্কার জিতে উচ্ছ্বসিত বাফুফে। নতুন কোচ, একঝাঁক প্রবাসী ফুটবলার আর নতুন স্বপ্নের কথা শুনিয়ে ২০২৬ সাল শুরু করেছিল দেশের ফুটবল। কিন্তু বছর জুড়ে জাতীয় দলের পারফরম্যান্স সেই প্রত্যাশার ধারেকাছেও যেতে পারেনি। ৯ ম্যাচে ৩ জয় ও ৬ হার। গোল করেছে মাত্র ৯টি, হজম করেছে ১৯টি। সান মারিনোর বিপক্ষে ২-১ গোলের জয় ছাড়া উল্লেখযোগ্য প্রাপ্তি নেই বললেই চলে।

এশিয়ান কাপে ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের লজ্জাজনক হার, সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে পরাজয়- সবমিলিয়ে মাঠের ফুটবলে বাংলাদেশের দুর্দশা স্পষ্ট। অথচ এই সময়েই থাইল্যান্ডের ব্যাংককে বৃহস্পতিবার অনুষ্ঠিত ‘এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬’-এ দুটি স্বীকৃতি পেয়েছে বাফুফে। মেম্বার এসোসিয়েশন অব দ্য ইয়ারের রুবি ক্যাটাগরি এবং তৃণমূল ফুটবলের উন্নয়নে সিলভার ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে সংস্থাটি। সাংগঠনিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে এটি নিঃসন্দেহে ইতিবাচক। কিন্তু জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতা, ঘরোয়া ফুটবলের স্থবিরতা এবং নতুন খেলোয়াড় তৈরির সংকটের মধ্যে এই পুরস্কার কতোটা বাস্তব উন্নয়নের প্রতিফলন, সেটিই বড় প্রশ্ন। জাতীয় দলের দিকে তাকালে হতাশার চিত্র আরও স্পষ্ট। সাফের মতো আঞ্চলিক প্রতিযোগিতায়ও আধিপত্য প্রতিষ্ঠা করতে পারছে না বাংলাদেশ। একসময় যে প্রতিযোগিতায় শিরোপার অন্যতম দাবিদার হিসেবে মাঠে নামতো দল, সেখানে এখন সেমিফাইনাল পেরোনোই কঠিন। নতুন কোচ ও প্রবাসী ফুটবলার যুক্ত করেও ফলাফলে পরিবর্তন না এলে পরিকল্পনার কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

বয়সভিত্তিক দলগুলোর ধারাবাহিকতার অভাবও কাটছে না। ঘরোয়া ফুটবলের অবস্থাও নাজুক। প্রিমিয়ার লীগ ও বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ মাঠে গড়ালেও প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লীগ প্রায় দুই বছর ধরে বন্ধ। পাইওনিয়ার ফুটবল লীগেরও নিয়মিত আয়োজন নেই। তৃণমূল থেকে প্রতিভা তুলে আনার প্রধান পথগুলোই যখন কার্যত বন্ধ, তখন তৃণমূল ফুটবলের উন্নয়নে আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার বাস্তব চিত্র কী- সেই প্রশ্ন থেকেই যায়। গত বছর তৃণমূল ফুটবলে ব্রোঞ্জ পাওয়া বাংলাদেশ এবার এক ধাপ এগিয়ে সিলভার জিতেছে। গুয়াম ও ভারতকে পেছনে ফেলে এই স্বীকৃতি পেয়েছে বলে জানিয়েছে ফেডারেশন। কিন্তু এই উন্নয়নের সুফল কতটা পৌঁছেছে জেলা-উপজেলার মাঠে? কতোজন নতুন ফুটবলার উঠে আসছেন, কতোটি একাডেমি নিয়মিত কার্যক্রম চালাচ্ছে, প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে কী উদ্যোগ নেয়া হয়েছে- এসব প্রশ্নের উত্তর জরুরি। অন্যদিকে, মেম্বার এসোসিয়েশনের রুবি ক্যাটাগরির পুরস্কার দেয়া হয়েছে ফেডারেশনের সামগ্রিক কর্মকাণ্ড, স্বচ্ছতা ও সামাজিক দায়বদ্ধতার ভিত্তিতে। কিন্তু ফুটবলপ্রেমীদের কাছে বাফুফের সবচেয়ে বড় জবাবদিহির জায়গা মাঠের ফলাফল। এবারের আয়োজনে প্লাটিনাম বিভাগে জাপান, ডায়মন্ডে থাইল্যান্ড এবং গোল্ড বিভাগে ভারত স্বীকৃতি পেয়েছে। পুরস্কারের মঞ্চে বাংলাদেশের নাম থাকলেও মাঠের ফুটবলে এশিয়ার শক্তিশালী দেশগুলোর সঙ্গে ব্যবধান এখনো অনেক।

সাফ ব্যর্থতার পর জাতীয় দলের পারফরম্যান্স পর্যালোচনায় বসছে বাফুফের ন্যাশনাল টিমস কমিটি। আজ বিকালে কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়ালের নেতৃত্বে বাফুফে ভবনে সভা হওয়ার কথা। দলের প্রস্তুতি, কোচিং স্টাফের ভূমিকা, খেলোয়াড়দের শৃঙ্খলা ও টিম ম্যানেজমেন্টের পাশাপাশি প্রধান কোচ থমাস ডুলির সঙ্গে দূরত্বের বিষয়টিও আলোচনায় আসতে পারে। আগামী মার্চের ফিফা উইন্ডো সামনে রেখে ভবিষ্যৎ পরিকল্পনাও নির্ধারণ করার কথা রয়েছে।