গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর উৎসবমুখর পরিবেশে মানিকগঞ্জে শুরু হয়েছে ‘মুন্নু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। বৃহস্পতিবার বিকালে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে টাইব্রেকারে সাটুরিয়া উপজেলা দলকে ৪-২ গোলে হারায় শিবালয় উপজেলা দল। সাবেক মন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের প্রয়াত সংসদ সদস্য হারুণার রশিদ খান মুন্নুর স্মৃতি ধরে রাখতে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন মুন্নুর কন্যা, খাদ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতা।
উদ্বোধনী ম্যাচে নির্ধারিত সময়ে গোলশূন্য সমতার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় পায় শিবালয়। উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। প্রধানমন্ত্রীও শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তার নির্দেশনা ও অনুপ্রেরণায় এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। অংশগ্রহণকারী দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, মানিকগঞ্জের মানুষের ভালোবাসার প্রতিদান হিসেবে সবাই সুন্দর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেবেন বলে আশা করি।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান এবং জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আজাদ হোসেন খান, এডভোকেট নুরতাজ আলম বাহার। মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক গোলাম কিবরিয়া সাঈদ, কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং জেলা ক্রীড়া কর্মকর্তা ফেরদৌসী আক্তার বন্যাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
