কোর্তোয়ার সঙ্গে ২০২৮ পর্যন্ত চুক্তি নবায়ন রিয়ালের

ফন্ট সাইজ:

রিয়াল মাদ্রিদের গোলপোস্টের নিচে আরও দুই বছর থাকছেন থিবো কোর্তোয়া। বেলজিয়ান এই তারকা গোলকিপারের সঙ্গে ২০২৮ সালের জুন পর্যন্ত চুক্তি নবায়ন করেছে স্প্যানিশ জায়ান্টরা। সেপ্টেম্বরে দুই পক্ষের মধ্যে মৌখিক সমঝোতা হলেও এবার আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেছেন কোর্তোয়া। বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রিয় ফুটবলভিত্তিক সাংবাদিক ফাব্রিজিও রোমানো। ৩৪ বছর বয়সেও পারফরম্যান্সে বয়সের ছাপ পড়তে দেননি কোর্তোয়া। চলতি মৌসুমে লা লিগায় ১১ ম্যাচ খেলে ৪টি ক্লিনশিট রাখেন তিনি। বিপরীতে গোল হজম করেন মাত্র ৯টি। প্রতিপক্ষের শট ঠেকানোর হার ৭৮ শতাংশ। এমন ধারাবাহিক পারফরম্যান্সই তাকে আরও এক বছর চুক্তির মেয়াদ বাড়িয়ে দেয়ার ক্ষেত্রে রিয়ালের আস্থার কেন্দ্রে রেখেছে। কোর্তোয়ার সামর্থ্য নিয়ে একসময় মুগ্ধতা প্রকাশ করেন সাবেক রিয়াল কোচ কার্লো আনচেলোত্তি। অনুশীলনে তার দুর্দান্ত গোলকিপিং নিয়ে ব্রাজিল জাতীয় দলের বর্তমান এই কোচ বলেন, ‘সে এতটাই ভালো যে, অনুশীলনে কখনো কখনো তাকে ইচ্ছা করে কয়েকটি বল ছেড়ে দিতে বলতাম। যাতে আক্রমণভাগের খেলোয়াড়দের আত্মবিশ্বাস কিছুটা বাড়ে।’

২০১৮ সালের আগস্টে চেলসি থেকে প্রায় ৩ কোটি ৫০ লাখ পাউন্ডে সান্তিয়াগো বার্নব্যুতে যোগ দেন কোর্তোয়া। এরপর জিতেছেন ৩টি লা লিগা ও ২টি চ্যাম্পিয়নস লীগ শিরোপা। ২০২২ সালে লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে তার নয়-নয়টি অসাধারণ সেভ রিয়ালের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখে। ২০২৩ সালে এসিএল চোট এবং ২০২৪ সালে হাঁটুর মেনিসকাসে সমস্যায় পড়লেও দারুণভাবে ফিরেছেন এই গোলকিপার।
এরই মধ্যে লা লিগায় ১৫০ জয়ের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

কোর্তোয়ার চুক্তি নবায়ন রিয়ালের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। এর আগে আর্দা গুলেরের সঙ্গে ২০৩২ সাল পর্যন্ত চুক্তি করেছে অল হোয়াইটরা। ভিনিসিয়ুস জুনিয়রের চুক্তিও নবায়ন হয়েছে। এবার জুড বেলিংহ্যামের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে রিয়াল কর্তৃপক্ষ।