বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে সভাপতি হিসেবে নিয়োগ পেতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস হতে হবে। এ নিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, এডহক কমিটির সভাপতির সাধারণ শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস বা সমমান হবে। আবশ্যক ক্ষেত্রে এডহক কমিটির সভাপতি নির্ধারণের ক্ষেত্রে ব্যক্তির শিক্ষা প্রসার ও উন্নয়নে বিশেষ অবদান বা অন্য কোনো বিশেষ যোগ্যতা সাপেক্ষে মন্ত্রণালয় কর্তৃক প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে।
এডহক কমিটির সভাপতি মনোনয়নের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, মহানগরের ক্ষেত্রে বিভাগীয় কমিশনার এবং অন্যান্য ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট জেলা বা উপজেলার সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মচারী, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তি বা শিক্ষায় আগ্রহী স্থানীয় খ্যাতিমান ব্যক্তি/সমাজসেবক, স্থানীয় সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার মধ্যে হতে ৩ জন ব্যক্তির নাম ও জীবনবৃত্তান্ত সংবলিত প্রস্তাব শিক্ষা বোর্ডের নিকট প্রেরণ করবেন। শিক্ষা বোর্ড প্রস্তাবিত ব্যক্তিগণের মধ্য হতে একজনকে সভাপতি মনোনীত করবেন।
এর আগে বিকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সংবাদ সম্মেলনে বলেন, গভর্নিং বডির চেয়ারম্যান বা প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে আমাদের বেসলাইন হবে স্নাতক ডিগ্রি। তবে শুধু এটুকুতেই সীমাবদ্ধ থাকছি না, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে আরও বিষয় বিবেচনায় নেয়া হবে। আমরা চাই যোগ্য ও দক্ষ মানুষদেরই এই কাঠামোর উচ্চতর স্তরে নিয়ে আসতে।
তিনি বলেন, এর আগে বিগত সরকারের সময় যে বিধান ছিল, সেখানে বলা হতো- সিনিয়র শিক্ষক হতে হবে বা হেডমাস্টার হতে হবে। ফলে অনেক ক্ষেত্রেই সুযোগ সীমিত ছিল। তখন অনেক সময় নেপোটিজম ও ফেভারিটিজমের অভিযোগও উঠতো এবং বিষয়গুলো নিরপেক্ষভাবে আলোচিত হতো না। আমরা মনে করি, সেই ধারা থেকে বের হয়ে এসে সবার জন্য সুযোগের ক্ষেত্র তৈরি করতে হবে। যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়ার মাধ্যমে একটি ন্যায্য ও কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে।
ম্যানেজিং কমিটির সভাপতির ন্যূনতম যোগ্যতা স্নাতক পাস
স্টাফ রিপোর্টার
১৭ মার্চ (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
