অনার্সে ৬ বিষয় বাতিলের সিদ্ধান্ত হয়নি

ফন্ট সাইজ:

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শনসহ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। বলেন, অনার্স পর্যায় থেকে বাংলা, ইতিহাস বা দর্শন বিভাগ বাদ দেয়ার বিষয়ে কোনো ধরনের আলোচনা হয়নি। আমার জানা মতে এমন কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনাও নেই। আমরা বরং কারিগরি ও কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছি এবং শ্রমবাজারের চাহিদা অনুযায়ী নতুন নতুন বিষয় অন্তর্ভুক্ত করার বিষয়ে কাজ করছি। তবে তার অর্থ এই নয় যে বাংলা, ইতিহাস বা দর্শনের মতো বিষয়গুলো বাদ দেয়া হবে। শিক্ষামন্ত্রী বলেন, বাজারের চাহিদা বিবেচনায় নতুন কোর্স ও বিষয় সংযোজনের আলোচনা নিয়মিতই হচ্ছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার বিভিন্ন স্তরে এসব বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। কিন্তু বাংলা বা ইতিহাসকে বাদ দিয়ে কোনো পরিকল্পনা নেয়া হয়েছে এমন কথা আমরা কোথাও বলিনি, এমন কোনো আলোচনাও করিনি।

এ ছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহও একই কথা বলেন। তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো অনার্স কোর্স বন্ধের ব্যাপারে সরকার কিংবা আমাদের কোনো সিদ্ধান্ত নেই। অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস, দর্শনসহ কোনো বিষয় বন্ধের বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে কোনো সিদ্ধান্ত বা নির্দেশনা আসেনি। ফলে এ ধরনের খবর নিয়ে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই।

উল্লেখ্য, দেশের শিক্ষা ব্যবস্থাকে সনদ নির্ভরতার পরিবর্তে দক্ষতা ও কর্মমুখী করার লক্ষ্যে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। এনিয়ে গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে একটি সংবাদ সম্মেলন হয়। এরপরই বাংলা, দর্শনসহ ৬ বিষয় উঠিয়ে দেয়ার তথ্য ছড়িয়ে পড়ে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন