সিরাজগঞ্জের উল্লাপাড়া ও কাজীপুর উপজেলা বিএনপি’র দুই নেতার কপাল খুলেছে। আবেদনের প্রেক্ষিতে দল থেকে তাদের দলীয় সকল পদের স্থগিতাদেশ প্রত্যাহার করেছে জেলা বিএনপি। শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের স্বাক্ষরিত পৃথক দু’টি পত্রে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, ভবিষ্যতে দলের সাংগঠনিক নিয়মবহির্ভূত কোনো কর্মকাণ্ডে না জড়ানোর শর্তে তাদের দলীয় সকল পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।
দুই নেতারা হলেন- উল্লাপাড়া উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব আজাদ হোসেন ও কাজীপুর উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলু। এর আগে ২৫শে জুলাই দলীয় শৃঙ্খলাভঙ্গ ও বালু মহাল নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে হাজী মিজানুর রহমান বাবলুর সকল দলীয় পদ এবং ৮ই আগস্ট চাঁদাবাজি ও মারামারির পৃথক মামলায় জড়িত থাকার অভিযোগ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় আজাদ হোসেনের সব দলীয় পদ স্থগিত করেছিল জেলা বিএনপি।
