বস্তাভর্তি ভাঙ্গাড়ি নামাতেই বিস্ফোরণ, আহত ২

বস্তাভর্তি ভাঙ্গাড়ি নামাতেই বিস্ফোরণ, আহত ২

ফন্ট সাইজ:

কুষ্টিয়া শহরের মজমপুরে ভাঙ্গাড়ির দোকানে বস্তাভর্তি মালামাল নামানোর সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভাঙ্গাড়ি বিক্রেতা ও ক্রেতা গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রেললাইনের পাশে রুহুল আমিনের ভাঙ্গাড়ির দোকানের সামনে এ ঘটনা ঘটে। বস্তায় থাকা কোনো বস্তু থেকে বিস্ফোরণ ঘটেছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। আহতরা হলেন ভাঙ্গাড়ি বিক্রেতা সুমন, কুষ্টিয়া শহরের কোটপাড়া এলাকার জব্বারের ছেলে এবং ভাঙ্গাড়ি ক্রেতা রুহুল আমিন, জগতি পালপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, সুমন বিভিন্ন স্থান থেকে ভাঙ্গাড়ি সংগ্রহ করে বিক্রি করেন। শুক্রবার দুপুরে তিনি কুষ্টিয়া শহরের কাস্টম মোড় এলাকা থেকে বস্তাভর্তি ভাঙ্গাড়ির মালামাল রিকশায় করে মজমপুরে রুহুল আমিনের দোকানে নিয়ে আসেন। দোকানের সামনে বস্তাটি নামানোর সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে সুমন ও রুহুল আমিন আহত হন। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন আহত দু’জনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের সার্জারি ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দা রাজন বলেন, ‘জুমার নামাজ শেষে আমরা বাসায় ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে বের হয়ে দেখি, সুমন ও রুহুল আহত অবস্থায় পড়ে আছেন। কীভাবে এমন বিস্ফোরণ ঘটেছে, তা বুঝতে পারিনি। তবে শব্দ শুনে মনে হয়েছে, শক্তিশালী কোনো বিস্ফোরকজাতীয় বস্তু বিস্ফোরিত হয়েছে।’ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হাসান বলেন, বিকাল সোয়া ৩টার দিকে বিস্ফোরণে আহত সুমন ও রুহুল হাসপাতালে আসেন। তাদের সার্জারি ওয়ার্ডে ভর্তি রেখে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সুমনের বাম পায়ে গভীর ক্ষত রয়েছে। রুহুলের ডান পায়ে আঘাত লেগেছে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্ফোরণের কারণ জানতে প্রয়োজনীয় আলামত সংগ্রহের চেষ্টা চলছে। আহত দু’জন সুস্থ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের বক্তব্য ও উদ্ধার করা আলামত বিশ্লেষণ করে বিস্ফোরণের প্রকৃত কারণ এবং এতে কোনো বিস্ফোরকজাতীয় বস্তু ছিল কিনা, তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।