সমালোচনার জবাব দিলেন আলিয়া

সমালোচনার জবাব দিলেন আলিয়া

ফন্ট সাইজ:

বলিউড তারকা রণবীর কাপুরের সঙ্গে দাম্পত্য জীবন নিয়ে নানা সময়ই সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। কখনো স্বামীর কোনো মন্তব্য, আবার কখনো পুরনো সাক্ষাৎকারের বক্তব্য ঘিরে তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ। এমনকি রণবীরের সঙ্গে সংসার করতে গিয়ে নিজের ইচ্ছার সঙ্গে আপস করছেন আলিয়া- এমন আলোচনাও হয়েছে। এবার এসব জল্পনা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া বলেন, তার দাম্পত্য জীবন নিয়ে বাইরে থেকে নানা ধরনের ধারণা তৈরি করা হচ্ছে; যা অপমানজনক। বিশেষ করে তাকে সংসারে অসুখী একজন নারী হিসেবে উপস্থাপনের বিষয়টি মেনে নিতে পারছেন না তিনি। অভিনেত্রী বলেন, মেয়েদের মনের মধ্যে কী চলছে, তারা কী চাইছে- তা বোঝা উচিত।

সব সময় মেয়েদের পক্ষেই কথা বলে এসেছি। অথচ আমাকেই এমনভাবে তুলে ধরা হচ্ছে, যেন সংসারে অসুখী হয়ে দিন কাটাচ্ছি। রণবীরের সঙ্গে সম্পর্কের বিশেষ দিক তুলে ধরে আলিয়া বলেন, কোনো চেষ্টা ছাড়া একে-অপরকে নিজের কথা বোঝাতে পারাই একটি সম্পর্কের মূল ভিত্তি। আমাদের সম্পর্কও ঠিক তেমন। ২০২২ সালের এপ্রিলে বিয়ে করেন আলিয়া ও রণবীর। তাদের সম্পর্ক নিয়ে বিতর্কের সূত্রপাত হয় আলিয়ার কিছু পুরনো মন্তব্য থেকে। ঝগড়ার সময় উচ্চস্বরে কথা বলা এবং লিপস্টিক মুছে ফেলার বিষয়ে রণবীরের পছন্দের কথা জানিয়েছিলেন তিনি। এসব মন্তব্য ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা।