চমকপ্রদ গল্প বলবেন আ খ ম হাসান

চমকপ্রদ গল্প বলবেন আ খ ম হাসান

ফন্ট সাইজ:

আরণ্যক নাট্যদলের গুণী অভিনেতা আ খ ম হাসান শূন্য দশকের শুরুর দিকে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় এসেছিলেন নাট্যকেন্দ্রের সদস্য হওয়ার জন্য পরীক্ষা দিতে। সে সময় তিনি প্রয়াত কিংবদন্তি অভিনেতা হুমায়ূন ফরীদির প্রশ্নের ঠিকঠাক উত্তর দিলেও শেষ পর্যন্ত তাকে নির্বাচন করেননি তৌকীর আহমেদ। অভিনয় জীবনের এ রকম নানা অভিজ্ঞতা সম্প্রতি তিনি শেয়ার করেছেন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’তে। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এ পডকাস্টে আ খ ম হাসান বলেছেন, মোশাররফ করিমের সঙ্গে তার বন্ধুত্বের কথা। তাদের বন্ধুত্বের গভীরতা এতটাই ছিল যে, শুটিং শেষে রাত ২টা কিংবা ৩টার সময়ও মোশাররফ করিম কখনো কখনো তাকে বলতেন, চল, পুবাইলের রাস্তা ধরে হাঁটি। এরপর দু’জন মিলে হাঁটতে বেরিয়ে পড়তেন।

সেই পথচলায় তারা ভুলে যেতেন কে মোশাররফ করিম, কে আ খ ম হাসান। ক্যারিয়ারের শুরুর দিকে অভিনয়কে আরও ভালোভাবে রপ্ত করার তাগিদ ছিল তাদের সবার মধ্যে। আ খ ম হাসান, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী একসময় ভাবতেন, তারা তিনজন মিলে একটি গাড়ি কিনবেন। যার যখন প্রয়োজন হবে, তখনই গাড়িটি ব্যবহার করবেন। পেছন ফিরে তাকালে সেই সময়ের স্বপ্ন ও বন্ধুত্বের স্মৃতি মনে করে এখনো আনন্দ অনুভব করেন আ খ ম হাসান। আজ রাত ৯টায় এই পর্ব মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচারিত হবে। প্রযোজনায় জেড আই ফয়সাল।