ফের আন্তর্জাতিক স্বীকৃতিতে তুষি

ফের আন্তর্জাতিক স্বীকৃতিতে তুষি

ফন্ট সাইজ:

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফের স্বীকৃতি পেলেন বাংলাদেশের অভিনেত্রী নাজিফা তুষি। মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ সিনেমার জন্য কানাডার মোজাইক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার যুক্তরাষ্ট্রের এশিয়ান ওয়ার্ল্ড চলচ্চিত্র উৎসবেও সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি। লস অ্যানজেলেসে অনুষ্ঠিত উৎসবটির ১২তম আসরে ‘স্নো লেপার্ড’ সম্মাননা পেয়েছেন এ অভিনেত্রী। এ ছাড়া, ৫৫তম রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের টাইগার প্রতিযোগিতা বিভাগেও জায়গা করে নিয়েছে ‘রইদ’। সিয়াটল, ডানাং ও ইনসব্রুক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শনী ও নির্বাচনের মাধ্যমে আলোচনায় এসেছে সিনেমাটি। এশিয়ার চলচ্চিত্রকে আন্তর্জাতিক দর্শক ও হলিউডের সামনে তুলে ধরতে আয়োজন করা হয় এশিয়ান ওয়ার্ল্ড চলচ্চিত্র উৎসব।

‘রইদ’ সিনেমায় ‘সাদুর বউ’ চরিত্রে অভিনয়ের জন্য কানাডার মোজাইক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন তুষি। অর্থাৎ একই সিনেমার জন্য এটি তার দ্বিতীয় আন্তর্জাতিক সেরা অভিনেত্রীর স্বীকৃতি। স্বীকৃতি প্রসঙ্গে নাজিফা তুষি বলেন, আমার জন্য এটা অনেক আনন্দের সংবাদ। যদিও কখনো পুরস্কারের আশায় কাজ করি না। কাজটিই আমার কাছে গুরুত্বপূর্ণ। সব সময় ঠিকমতো নিজের চরিত্রটিকে তুলে ধরতে চাই। সেই চরিত্র যদি স্বীকৃতি এনে দেয়, সেটা অবশ্যই ভালো লাগার। অভিনেত্রী হিসেবে এই পুরস্কার অর্জন আমার দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে। আমার এই সুন্দর সময় যেন চলতেই থাকে। ‘রইদ’ সিনেমায় তুষি ছাড়াও অভিনয় করেছেন- মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদ।