বাকৃবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮

বাকৃবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮

ফন্ট সাইজ:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দেশব্যাপী ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক ও হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী হলের শিক্ষার্থী মেজবাউল হক মিজুসহ অন্তত আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সোহ্‌রাওয়ার্দী হলের ভেতরে এ ঘটনা ঘটে। মিজুর অভিযোগ, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তায়েফ মাহমুদ ও সিফাতের নেতৃত্বে শাখা ছাত্রদলের সদস্য সচিব শফিকুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক এএম শোয়াইবের অনুসারীরা তাদের ওপর হামলা করে। তবে তায়েফ মাহমুদের দাবি, মিজু মিছিলের আগে কেন্দ্রীয় নেতাদের অনুমতি নেয়নি এবং মিজুর অনুসারীরাই প্রথমে তায়েফ ও সিফাতসহ তাদের পক্ষের নেতাকর্মীদের ওপর হামলা করে।

অন্যদিকে হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন শফিকুল ইসলাম ও এএম শোয়াইব। সোহ্‌রাওয়ার্দী হলের একাধিক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আনুমানিক রাত ১০টায় বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক মিজু হলের জুনিয়র শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে মিছিলের উদ্দেশ্যে হল থেকে বের হলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এএম শোয়াইবের অনুসারী তায়েফ ও সিফাতের সঙ্গে কথাকাটাকাটি হয়। সেখানে দুই গ্রুপের মাঝে একে অপরকে হুমকি-ধমকি দেয়ার ঘটনা ঘটে। মিছিল শেষ করে হলে ফেরার সময় আবার হলের ভেতরে দুই গ্রুপের মাঝে হাতাহাতি ও সংঘর্ষ হয়। ভুক্তভোগী মিজু বলেন, রাত আনুমানিক ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে আমরা সারা দেশে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল করে হলের (সোহ্‌রাওয়ার্দী হল) দিকে আসছিলাম, তখন ছাত্রদলের সদস্য সচিব শফিকুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক এএম শোয়াইবের অনুসারীরা আমাদের ওপর অতর্কিত হামলা করে।

তিনি আরও বলেন, এএম শোয়াইব সোহ্‌রাওয়ার্দী হলের দায়িত্বে আছেন এবং শফিকুল ইসলাম মাওলানা ভাসানী হলের দায়িত্বে আছেন। শফিকুল ইসলাম আমাকে হত্যার হুমকি দিয়েছিলেন। পরে আমার ওপর অতর্কিত হামলা হয়। অভিযোগের বিষয়ে তায়েফ বলেন, ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা ছাত্রদলের সবাই অনেক সোচ্চার। তবে যেকোনো মিছিল-মিটিং করার আগে অবশ্যই আমরা সেন্ট্রাল থেকে অনুমতি নিই। আজকে যখন মিজু সোহ্‌রাওয়ার্দী হলের জুনিয়রদের সঙ্গে নিয়ে মিছিল করতে বের হয়, তখন তাদের জিজ্ঞাসা করি যে তারা অনুমতি নিয়েছেন কিনা। সেই সময় মিজু তার উত্তরে বলে যে সে সেন্ট্রাল মানে না। ঠিক তখন তার অনুসারী কয়েকজন আমার এবং সিফাতসহ কয়েকজনের ওপরে হামলা করলে আমরা হামলা প্রতিহত করতে থাকি। অভিযোগের বিষয়ে বাকৃবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বলেন, আমরা তিনটি হলের দেখভালের দায়িত্ব ভাগ করে নিয়েছি। সোহ্‌রাওয়ার্দী হলের দায়িত্বে রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক এএম শোয়াইব।

এখানে আমার কোনোই সম্পৃক্ততা নাই। অভিযোগের বিষয়ে শোয়াইব বলেন, আমার এই হামলার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। ছাত্রলীগের সঙ্গে যারা সম্পৃক্ত তারা ছাত্রদলকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য এরকম উল্টাপাল্টা অভিযোগ দিচ্ছে। আর হলের সিসিটিভি ফুটেজ দেখলেই বোঝা যাবে আমার নেতৃত্বে কিছু হয়েছে কিনা। ঘটনার বিষয়ে হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, আমরা হলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে এটা আগে নিশ্চিত হতে চাই যে আসল দোষী এখানে কে। তারপর তাদের উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে।