লিটন-হৃদয়ের ব্যাটিংয়ের প্রশংসায় প্রোটিয়া অধিনায়ক

লিটন-হৃদয়ের ব্যাটিংয়ের প্রশংসায় প্রোটিয়া অধিনায়ক

ফন্ট সাইজ:

জোহানেসবার্গ টেস্টে জয়ের পর বাংলাদেশের দুই ব্যাটার তাওহীদ হৃদয় ও লিটন দাসের প্রশংসা করতে ভোলেননি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। প্রথম ইনিংসে দলের বিপর্যয়ের মুখে এই দু’জন মিলে ২০৬ রানের জুটি গড়ে দলকে শক্তিশালী অবস্থানে পৌঁছে দিয়েছিলেন। ১২১ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ হৃদয় ও লিটনের সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে তোলে ৪০০ রান। এটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে টাইগারদের সর্বোচ্চ রানের ইনিংস।

জোহানেসবার্গে প্রথম ইনিংসে এত রান করে কোনো দলই হারেনি। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের ব্যর্থতায় হেরে যায় শান্তর দল। পঞ্চম দিন ফল হওয়া এ টেস্টে আলোক স্বল্পতার কারণে কিছু ওভার খেলা হয়নি। বৃষ্টির কারণে চতুর্থ দিনে দুই সেশনের খেলা মাঠে গড়ায়নি। প্রথম ইনিংসে বাংলাদেশের তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয় ও লিটন দাস ছাড়া বাকিরা ব্যাট হাতে ব্যর্থ। দ্বিতীয় ইনিংসেও একই চিত্র। সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস খেলেন লিটন। প্রথম ইনিংসে লিটন ও হৃদয়ের যে লড়াকু জুটি দেখা গেছে, সেটি নিয়ে অবাক নন বাভুমা।

তিনি বলেন, ‘আসলে আমি অবাক হয়েছি বলবো না, তাতে তাদেরকে হালকাভাবে নেয়া হবে। আমি বলতে চাই, তারা বেশ ভালো ব্যাট করেছে। লিটন দাস এবং হৃদয়ও ভালো করেছে।’ টেস্ট অভিষেকের পর চারটি ম্যাচ খেলেছেন হৃদয়। আট ইনিংসে ব্যাট করে ৫৩৮ রান করেছেন ডানহাতি এ ওপেনার। দক্ষিণ আফ্রিকা সফরে আসার আগে ঘরের মাঠে খেলেন ক্যারিয়ারসেরা অপরাজিত ২৪২ রানের ইনিংস। সিলেট টেস্টে দাপুটে পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে পান তিন অঙ্কের দেখা। ক্যারিয়ারের শুরুতে তাওহীদ হৃদয়ের এমন পরিণত ব্যাটিং নজর কাড়ে প্রোটিয়া অধিনায়কের।

হৃদয়কে নিয়ে বাভুমা বলেন, ‘হৃদয় টেস্ট ক্যারিয়ারের শুরুটা দারুণভাবে করেছে। দেখবেন যে, কী দারুণভাবে সে রান করে যাচ্ছে।’ দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ব্যাটিং করার সময় চোট পান বাভুমা। ৪৯ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লেও দলের অষ্টম উইকেটের পতনের পর আবারো ব্যাটিংয়ে নামেন তিনি। কাগিসো রাবাদা ও ডেন প্যাটারসনের সঙ্গে জুটি গড়ে নিজের সংগ্রহে আরও ১৯ রান যোগ করেন। তখন দৌড়াতে তেমন কোনো সমস্যা না হওয়ায় ৬৮ রানে অপরাজিত থেকে ইনিংস শেষ করেন প্রোটিয়া অধিনায়ক। তবে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে আর ফিল্ডিংয়ে নামেননি বাভুমা। দ্বিতীয় টেস্টে নাও খেলতে পারেন তিনি।

তবে এখনো নিশ্চিত কিছু জানাননি প্রোটিয়া অধিনায়ক। তিনি বলেন, ‘আসলে আমি তো মেডিকেল বিশেষজ্ঞ নই। এখন আমি আমার পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবো। এরপর দেখা যাক কীভাবে সবকিছু আগায়, (এসবের উপর নির্ভর করছে পরের ম্যাচে খেলবো কিনা)।’