গোপালপুরে গণ্ডগোলের মুখে ভিজিএফের চাল বিতরণ বন্ধ

গোপালপুরে গণ্ডগোলের মুখে ভিজিএফের চাল বিতরণ বন্ধ

ফন্ট সাইজ:

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নে প্রতিপক্ষের বাধার মুখে ভিজিএফের চাল বিতরণ বন্ধ হয়ে গেছে। ফলে ঈদের আগে চাল নিতে আসা কয়েকশ’ দরিদ্র মহিলা চাল না পেয়ে মন খারাপ করে বাড়ি ফিরে যায়। জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষে সরকার হেমনগর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ১ হাজার ৯শ’ ৩টি কার্ড বরাদ্দ দেয়। প্রতি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল দেয়ার কথা। প্যানেল চেয়ারম্যান শামছুল আলম অভিযোগ করেন, ৯ ওয়ার্ডের মধ্যে তিনটিতে চাল বিতরণ শুরু হয় সকাল ১০টায়। কিন্তু প্রতিপক্ষের কিছু লোকজন মোটরসাইকেলে করে এসে গালিগালাজ শুরু করে। তারা অফিসের কয়েকটা চেয়ার ভাঙচুর করে। এক গ্রাম পুলিশকে ধাক্কা মেরে ফেলে দেয়। পরিষদের কয়েকটি চেয়ার ভাঙচুর করে। তারা চাল বিতরণ বন্ধের নির্দেশ দেয়। অরাজক পরিস্থিতি সামলাতে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়। পরে হেমনগর ফাঁড়ির পুলিশ আসে। উত্তেজনা নিরসনে চাল বিতরণ বন্ধ রাখা হয়। ট্যাগ অফিসার এবং গোপালপুর উপজেলা পরিসংখ্যান অফিসার মো. আব্দুল আলীম জানান- সকাল ১০টায় গুদাম খুলে তার উপস্থিতিতে কার্ড চেক করে চাল বিতরণ শুরু হয়। কিছুক্ষণ পর মোটরসাইকেলে আসা ৩০/৩৫জন লোক গণ্ডগোল পাকায়। চিৎকার ও ধাক্কাধাক্কি শুরু করে। তাদের হুমকির প্রেক্ষিতে চাল বিতরণ বন্ধ করে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। চাল নিতে আসা রহিমা বেগম ও মনোয়ারা বেগম জানান, শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে সবাই চাল নিচ্ছিলেন। এর মধ্যে একদল লোক এসে চাল বিতরণে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ তোলে। তাদের চিল্লাচিল্লি, গালাগালি, ধাক্কাধাক্কিতে আমরা ভয় পেয়ে যাই। এর মধ্যে চাল বিতরণ বন্ধের কথা জানানো হয়। হেমনগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি গোলাম রোজ তালুকদার জানান, প্যানেল চেয়ারম্যান শামছুল আলম তাদের দলীয় লোক। কিন্তু তার বিরুদ্ধে মানুষের অনেক অভিযোগ। আজ গরিবের চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করছিল খবর পেয়ে এলাকার লোকজন প্রতিবাদ করতে সেখানে যায় এবং তাদের দাবির মুখে চাল বিতরণ আপাতত বন্ধ রাখে। সেখানে কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি। দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে আগামীকাল সোমবার চাল বিতরণ করা হবে। হেমনগর ফাঁড়ির এসআই রমজান আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দলীয় নেতাকর্মীদের সঙ্গে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের মতবিরোধকে কেন্দ্র করে হট্টগোল, ধাক্কাধাক্কি ও চাল বিতরণ বন্ধ হয়ে যায়। উপজেলা নির্বাহী অফিসার মো. জিল্লুর রহমান জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চাল বিতরণ স্থগিত করা হয়। পরে বিতরণ করা হবে।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন