কে হচ্ছেন নীলফামারী জেলা পরিষদের প্রশাসক। এ নিয়ে শুরু হয়েছে দারুণ জল্পনা-কল্পনা। শহরের সর্বত্রই আলোচনার খোরাকে পরিণত হয়েছে বিষয়টি। গত রোববার দেশের ৪২ জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেয়া হলেও সর্ব উত্তরের অবহেলিত জেলা নীলফামারীতে প্রশাসক নিয়োগ দেয়া হয়নি। ২য় পর্যায়ে বাকি অন্য জেলাগুলোর সঙ্গে নীলফামারী জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়া হতে পারে। এদিকে ৪২ জেলা পরিষদের প্রশাসক নিয়োগের পর থেকেই নীলফামারীতে কে নিয়োগ পাচ্ছেন জেলা পরিষদ প্রশাসক এ নিয়ে বিভিন্ন মহলে শুরু হয় নানা আলোচনা। বিএনপি পাড়া ছাড়িয়ে আলোচনা গিয়ে ঠেকেছে অফিস পাড়া পর্যন্ত। এলাকায় সৎ যোগ্য নিবেদিত বলে পরিচিত এমন একজন প্রশাসক হবেন, এমন আশা জেলাবাসী করলেও বিএনপি’র রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত ও পরীক্ষিত ত্যাগী তরুণ রাজনৈতিক নেতাকেই দল বেছে নেবেন বলে বিএনপি পাড়ায় গুঞ্জন চাউর হয়ে উঠছে। তবে ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ নির্বাচনে জামায়াত প্রার্থীর কাছে দলীয় প্রভাবশালী প্রার্থীর পরাজয় পরবর্তী নীলফামারী বিএনপি’র হালচাল দারুণভাবে প্রভাবিত করেছে কেন্দ্রীয় বিএনপিকে। তাই প্রশাসক নিয়োগে হিসাব-নিকাশ হবে চুলচেরা আমলনামা দেখেই। স্থানীয়ভাবে জেলা বিএনপি’র সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল, জেলা বিএনপি’র আহ্বায়ক মীর সেলিম ফারুক, যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ ও সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলমের নাম শোনা গেলেও জেলা বিএনপি’র উপদেষ্টা পরিষদ সদস্য বিশিষ্ট আইনজীবী মিজানুর রহমান চৌধুরীই জেলা পরিষদের কাণ্ডারি হচ্ছেন, এমনটাই জানিয়েছেন ডোমার উপজেলা বিএনপি’র একাধিক সূত্র।
কে হচ্ছেন নীলফামারী জেলা পরিষদের কাণ্ডারি
নীলফামারী প্রতিনিধি
১৭ মার্চ (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
