জুলাই গণ-অভ্যুত্থানের সময় আশুলিয়ায় ৬ জনকে গুলি করে ও পুড়িয়ে হত্যা করা হয়েছিল। এ ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৫ই ফেব্রুয়ারি সংক্ষিপ্ত রায় প্রদান করেন ট্রাইব্যুনাল। রোববার মামলার পূর্ণাঙ্গ রায়ের কপি প্রকাশ করেছে। এতে ৬ জনকে মৃত্যুদণ্ড, ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, ২ জনকে সাত বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। এদিকে মামলায় ক্ষমাপ্রাপ্ত একমাত্র আসামি পুলিশের সাবেক উপ-পরিদর্শক (এসআই) শেখ আবজালুল হক সম্পর্কে ট্রাইব্যুনাল বিস্তারিত প্রকাশ করেছেন। তিনি জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকার আশুলিয়া থানায় কর্মরত ছিলেন। এ মামলায় প্রসিকিউশনের ২৩ নং সাক্ষী ‘অ্যাপ্রুভার’ বা রাজসাক্ষী হিসেবে তিনি জবানবন্দি দিয়েছেন। পূর্ণাঙ্গ রায়ের কপি মানবজমিনের কাছে এসেছে। এতে ক্ষমাপ্রাপ্ত একমাত্র আসামি সম্পর্কে ট্রাইব্যুনাল বলেন, শেখ আবজালুল হক রাষ্ট্রপক্ষের সাক্ষী নং ২৩ হিসেবে জবানবন্দি দিয়েছেন। তিনি আনুষ্ঠানিক অভিযোগপত্রে উল্লিখিত অপরাধে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন এবং সহ-অভিযুক্তদের বিরুদ্ধেও বক্তব্য প্রদান করেন। তার সাক্ষ্য সম্পূর্ণভাবে মূল্যায়ন করে ট্রাইব্যুনাল এমন কোনো প্রমাণ পায়নি যা থেকে বোঝা যায় যে, তিনি কোনো গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন বা ধারা ১৫ (১) অনুযায়ী সম্পূর্ণ ও সত্য প্রকাশে ব্যর্থ হয়েছেন। অতএব, ট্রাইব্যুনাল সন্তুষ্ট যে তিনি ক্ষমা প্রদানের শর্ত যথাযথভাবে পালন করেছেন। রোববার ট্রাইব্যুনাল-২ ৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ এই রায় প্রকাশ করেছেন।
ট্রাইব্যুনাল বলেন, এটি নীতিগতভাবে প্রতিষ্ঠিত যে, একবার আইনের ধারা ১৫ অনুযায়ী ক্ষমা প্রদান ও গ্রহণ করা হলে এবং পূর্ণ ও সত্য প্রকাশের শর্ত মানা হলে, সংশ্লিষ্ট ব্যক্তি কার্যত আর অভিযুক্তের অবস্থানে থাকেন না। তিনি রাষ্ট্রপক্ষের সাক্ষীর মর্যাদা লাভ করেন। তবে তার অপরাধসংক্রান্ত দায় শর্তসাপেক্ষে মওকুফ থাকে, যা ক্ষমার শর্ত যথাযথভাবে পালন করার ওপর নির্ভরশীল।
শেখ আবজালুল সাক্ষ্য সম্পূর্ণভাবে মূল্যায়ন করে ট্রাইব্যুনাল এমন কোনো প্রমাণ পায়নি যা থেকে বোঝা যায় যে, তিনি কোনো গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন বা ধারা ১৫ (১) অনুযায়ী সম্পূর্ণ ও সত্য প্রকাশে ব্যর্থ হয়েছেন। অতএব, ট্রাইব্যুনাল সন্তুষ্ট যে তিনি ক্ষমা প্রদানের শর্ত যথাযথভাবে পালন করেছেন। ফলে অভিযুক্ত শেখ আবজালুল হককে পূর্বে প্রদত্ত শর্তসাপেক্ষ ক্ষমা বহাল রাখা হলো। তিনি আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ এর ধারা ১৫ অনুযায়ী প্রদত্ত ক্ষমা যথাযথভাবে পালন করায় এই মামলায় তার বিরুদ্ধে আনা অভিযোগসমূহ থেকে অব্যাহতি পাওয়ার অধিকারী বলে ট্রাইব্যুনালের কাছে প্রতীয়মান হয়েছে।
রাজসাক্ষী আবজালুলের জবানবন্দিতে তথ্য গোপনের প্রমাণ পায়নি ট্রাইব্যুনাল
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
সাজ্জাদ হোসেন
১৭ মার্চ (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
