কিশোরগঞ্জে প্রথমদিনেই বৃক্ষরোপণে প্রশাসক খালেদ সাইফুল্লাহ

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে যোগদান করেছেন জেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপি’র সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল খান। সোমবার বেলা ১২টার দিকে তিনি জেলা পরিষদে গিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. মোস্তারী কাদেরীর নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। যোগদান পর্ব শেষে তিনি জেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত হওয়া দলীয় নেতাকর্মীসহ স্থানীয় বিশিষ্টজনদের নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। এ সময় তিনি সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর কিশোরগঞ্জ জেলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এরপর বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। জেলা পরিষদ প্রশাসক হিসেবে যোগদানের পর প্রথম দিনেই খালেদ সাইফুল্লাহ সোহেল খান পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বছরে ৫ কোটি গাছ লাগাবেন। আমাদের কিশোরগঞ্জ জেলাতে প্রায় ৬০ লাখ গাছ পড়ে। আমরা এক গাছ দিয়ে শুরু করেছি। জেলা পরিষদকে দায়িত্ব দিলে কিশোরগঞ্জ জেলার সব গাছ আমরাই লাগাবো। এর আগে রোববার জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পান ভিপি সোহেল নামে পরিচিত খালেদ সাইফুল্লাহ সোহেল খান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খালেদ সাইফুল্লাহ সোহেল খান কিশোরগঞ্জ-১ (সদর-আসনে) বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী ছিলেন। মনোনয়ন বঞ্চিত হওয়ার পর তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে নিজেকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরিয়ে নেন। খালেদ সাইফুল্লাহ সোহেল বিএনপি’র দুর্দিনের জেলা বিএনপি’র একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। তিনি হামলা-মামলা-জেল-জুলুম-নির্যাতনসহ ফ্যাসিবাদী শাসনামলে নানাভাবে নিগৃহীত হয়েছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন