আবারো উপস্থাপনায় তাহসান

আবারো উপস্থাপনায় তাহসান

ফন্ট সাইজ:

স্ট্রিমিং প্ল্যাটফরম ‘বঙ্গ’র প্রযোজনায় দেশের বহুল জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ আসছে বহুল প্রতীক্ষিত তৃতীয় সিজন নিয়ে। আরও বড় পরিসর ও প্রতিযোগিতামূলক পরিবেশের প্রতিশ্রুতি নিয়ে সিজন-৩ আসছে এক নতুন ও আকর্ষণীয় ফরম্যাটে। আর এবারের অনুষ্ঠানটিও উপস্থাপনা করবেন তাহসান রহমান খান। এরই মধ্যে তার উপস্থাপনায় দু’টি সিজন দারুণ জনপ্রিয়তা পেয়েছে। সর্বজনীন গ্রহণযোগ্যতা বাড়াতে বাংলাদেশের সবক’টি (৬৪টি) জেলায় জরিপ চালানো হয়েছিল, যার মাধ্যমে সারা দেশের মানুষের মতামত ফ্যামিলি ফিউডের মঞ্চে উঠে আসে।

এ ছাড়া, অংশগ্রহণকারী পরিবারগুলোকে ১৫ লাখ টাকারও বেশি মূল্যের পুরস্কার দেয়া হয়, যা মঞ্চের ভেতর ও বাইরে সবাইকে এক স্মরণীয় অভিজ্ঞতা উপহার দেয়। প্রতিযোগিতাকে এক নতুন মাত্রায় নিয়ে যেতে এই নতুন ফরম্যাট পরিবারগুলোর বুদ্ধি, আন্দাজ করার ক্ষমতা আর টিমওয়ার্ককে বড় পরীক্ষার মুখে ফেলবে। টপ থ্রি-তে জায়গা করে নিতে তাদের একের পর এক প্রতিযোগিতামূলক রাউন্ডে লড়তে হবে। সবচেয়ে বেশি স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠে যাবে। আর ফাইনালের বাকি জায়গাটির জন্য মুখোমুখি হবে দ্বিতীয় ও তৃতীয় হওয়া পরিবার দু’টি। এরপর ফাইনালের দুই সেরা পরিবারের মধ্যে হবে চূড়ান্ত লড়াই; যেখানে জয়ী পরিবার জিতে নেবে সেরা পুরস্কার আর ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ চ্যাম্পিয়নের খেতাব।

দর্শকদের উদ্দীপনা আরও বাড়াতে পর পর তৃতীয়বারের মতো উপস্থাপক হিসেবে ফিরছেন তাহসান খান। এবারো তার সেই চেনা হাসি, খুনসুটি আর ভরপুর এনার্জিতে জমে উঠবে ফ্যামিলি ফিউডের মঞ্চ। নতুন সিজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তাহসান খান বলেন, ফ্যামিলি ফিউড সব সময়ই পরিবারগুলোকে হাসি, আনন্দ আর অসাধারণ সব মুহূর্তের সুতোয় বেঁধেছে। ‘সিজন-৩’ নিয়ে আমি একটু বেশিই রোমাঞ্চিত, কারণ এর নতুন ফরম্যাট প্রতিযোগিতাকে অন্য মাত্রায় নিয়ে যাবে। পরিবারগুলোর সুযোগ থাকবে নিজেদের বুদ্ধিমত্তা ও টিম স্পিরিট প্রমাণের মাধ্যমে ফ্যামিলি ফিউডের মঞ্চ কাঁপানো এবং বড় পুরস্কার জিতে নেয়ার। এবার কোন পরিবার সেরা হয়ে বিজয়ের মুকুট ছিনিয়ে নেয়, তা দেখতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি!