চিত্রনায়িকা শিরিন শিলা বিগত বেশ কয়েক মাস ধরে কানাডাতে মা ও ভাইয়ের সঙ্গে অবস্থান করছেন। এরই মধ্যে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সেখানে তিনি সিনেমার অভিনেত্রী হিসেবে ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ অ্যাওয়ার্ড’-এ ভূষিত হন। এ ছাড়া, যুক্তরাষ্ট্রের ঢালিউড অ্যাওয়ার্ডেও অংশগ্রহণ করেছেন। কানাডাতে ‘ভায়োলেন্স’ নামের একটি সিনেমাতেও অভিনয় করছেন তিনি। সিনেমাটির গল্পের অন্যতম প্রধান চরিত্রে দেখা যাবে শিরিন শিলাকে। এদিকে, কানাডাতে শিলার সময় বেশ ভালোই কাটছে তার মা ও ভাইয়ের সঙ্গে।
তিনি বলেন, কানাডাতে এসে সিনেমাতে অভিনয় শুরু করেছি। মাঝে মধ্যে এখানেই বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করছি, আবার এখান থেকে প্রয়োজনে যুক্তরাষ্ট্রেও যাচ্ছি, সম্মাননা পাচ্ছি, পারফর্মও করছি। সবমিলিয়ে বেশ চমৎকার সময় কাটছে আমার। তবে এটা সত্যি দেশ, দেশের মানুষকে ভীষণ মিস করছি। খুব ইচ্ছা করছে দেশে ফিরে যেতে। কিন্তু কিছু কাজের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত হয়ে গেছি বিধায় এ মুহূর্তে দেশে ফিরতে পারছি না। ২০১৪ সাল থেকে শিলা সিনেমায় অভিনয় করছেন।
অভিনয়ে এক যুগ পার করেছেন তিনি। শিরিন শিলা আরও বলেন, সিনেমাতে আমার অভিনয় জীবনের শুরু হয় শাকিব খানের সঙ্গে। এরপর আরও বহু সিনেমায় অভিনয় করেছি। দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছি। দর্শকের এই ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। এর পাশাপাশি দেশ-বিদেশে বিভিন্ন সংগঠন থেকে প্রাপ্ত শ্রেষ্ঠত্বের সম্মাননাগুলোও আমার জীবনের চলার পথের অনেক বড় অনুপ্রেরণা।
