জন্মদিনে চমকে দিলেন শরিফুল রাজ

জন্মদিনে চমকে দিলেন শরিফুল রাজ

ফন্ট সাইজ:

ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা শরিফুল রাজের হাতে আসছে একের পর এক নতুন সিনেমা। সবশেষ বড় পর্দায় তার অভিনীত ‘বনলতা এক্সপ্রেস’ মুক্তি পেয়েছে। এতে সাবিলা নূরের বিপরীতে অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি। এবার নতুন কল্পবিজ্ঞানভিত্তিক চলচ্চিত্র ‘লিম্বো’ নিয়ে হাজির হওয়ার অপেক্ষায় এ অভিনেতা। নির্মাতা তানিম রহমান অংশুর পরিচালনায় সিনেমাটিতে দেখা যাবে তাকে।

গত জুনে দীর্ঘ বিরতি কাটিয়ে ‘লিম্বো’ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন অংশু। তখন সিনেমাটির পোস্টার প্রকাশ করলেও অভিনয়শিল্পীদের নাম বলেননি তিনি। গতকাল শরিফুল রাজের জন্মদিনে নতুন পোস্টার প্রকাশের পাশাপাশি তার যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন নির্মাতা। মহাকাশের পথে এক অনিঃশেষ যাত্রার গল্প নিয়ে তৈরি হবে সিনেমাটি। এর চিত্রনাট্য লিখেছেন ‘লাপাত্তা লেডিস’খ্যাত ভারতীয় চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামী। ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে ছবিটির। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজও সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘লিম্বো’ দর্শকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হতে যাচ্ছে। তার ভাষায়, যাচ্ছেন মহাকাশের পথে, ফিরে আসবেন অন্যরকম এক জগৎ নিয়ে। এদিকে, রাজের হাতে রয়েছে আরও একটি সিনেমা ‘কানাভুলা প্যারাডক্স’। আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকারের পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করবেন সাবিলা নূর। সবমিলিয়ে নতুন দুই সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ অভিনেতা।