কোয়েলের নতুন ইনিংস

কোয়েলের নতুন ইনিংস

ফন্ট সাইজ:

টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক এবার নাম লেখাচ্ছেন টেলিভিশনের কল্পকাহিনীনির্ভর ধারাবাহিকে। তার নতুন ধারাবাহিক ‘ডিয়ার ৯০ ‘জ’ প্রচার শুরু হবে আগামী ২৩শে নভেম্বর, সনি আট চ্যানেলে। নব্বইয়ের দশকের স্মৃতি, আবেগ ও নস্টালজিয়াকে কেন্দ্র করে নির্মিত ধারাবাহিকটি প্রযোজনা করেছে সুরিন্দর ফিল্ম। এক সাক্ষাৎকারে কোয়েল বলেন, ধারাবাহিকটির গল্পই তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে।

এর আগে কয়েকটি নন-ফিকশন অনুষ্ঠানে কাজ করলেও এবারই প্রথম কোনো টেলিভিশন ধারাবাহিকের অভিনয়ে যুক্ত হলেন তিনি। ধারাবাহিকটিতে অপরাজিতা নামের একজন লেখিকার চরিত্রে দেখা যাবে কোয়েলকে। অপরাজিতার লেখা ‘ডিয়ার ৯০ ‘জ’ বইটি বেস্টসেলার। গল্পের শুরুতে নিজের বইয়ের সূত্র ধরে তিনি ফিরে যান সেই স্কুলে, যেখানে বইটির যাত্রা শুরু হয়েছিল। সেখানে জীবনের নানা স্মৃতি ভাগ করে নেয়ার মধ্যদিয়ে দর্শকদের সামনে উঠে আসবে নব্বইয়ের দশকের জীবনযাত্রা।

কোয়েল বলেন, স্মার্টফোন ও ইন্টারনেটবিহীন সেই সময়ে মানুষের পারস্পরিক সম্পর্ক ছিল অনেক বেশি আবেগনির্ভর। চিঠি লেখা, সাইকেল চালানো, ছাদে আচার তৈরি কিংবা বন্ধুদের সঙ্গে খেলাধুলার মতো স্মৃতি ধারাবাহিকটিতে বিশেষ গুরুত্ব পাবে। তবে গল্পের ফ্ল্যাশব্যাকের অংশেই মূলত দেখা যাবে তাকে। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও ফিরছেন কোয়েল। মুক্তির অপেক্ষায় রয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘জননী’ এবং অন্নপূর্ণা বসু পরিচালিত ‘স্পর্ধা’। দুই প্রজন্মের দর্শকের কাছেই নতুন ধারাবাহিকটি জনপ্রিয় হবে বলে আশা প্রকাশ করেছেন অভিনেত্রী।