যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে বুধবার নজিরবিহীন লালগালিচা সংবর্ধনা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রায় সাত দশকের রীতি ভেঙে নিজে বিমানবন্দরে গিয়ে ট্রাম্পকে স্বাগত জানান শি। এর মধ্য দিয়ে গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে রাষ্ট্রীয় সফরে গিয়ে শি যে বিরল অভ্যর্থনা পেয়েছিলেন, তারই প্রতিদান দিলেন চীনা প্রেসিডেন্ট। বুধবার বিকেলে শেনজেন বিমানবন্দরের রানওয়েতে ট্রাম্পকে স্বাগত জানান শি।
চীনের শীর্ষ নেতার এভাবে বিমানবন্দরে গিয়ে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানকে অভ্যর্থনা জানানোর ঘটনা প্রায় ৬৭ বছর পর ঘটল। এর আগে ১৯৫৯ সালে চীনের তৎকালীন নেতা মাও সেতুং সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছিলেন।
১৯৮৬ সালে চীনের তৎকালীন প্রেসিডেন্ট লি শিয়াননিয়ান বৃটেনের রানি দ্বিতীয় এলিজাবেথকে বেইজিং বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়েছিলেন। তবে পরে রানি দেশটির সর্বোচ্চ নেতা দেং শিয়াওপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া প্রকাশিত বিবরণ অনুযায়ী, শি জিনপিং এই পারস্পরিক সৌজন্যের বিষয়টি তুলে ধরেন। গত সেপ্টেম্বরে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির দেয়া অভ্যর্থনার কথাও উল্লেখ করেন তিনি।
শি বলেন, ‘চীন শিষ্টাচারের দেশ। পারস্পরিক সৌজন্য প্রদর্শনের ঐতিহ্য আমাদের রয়েছে।’ সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক, এশিয়া-প্যাসিফিক সহযোগিতা এবং বৈশ্বিক পরিস্থিতি নিয়ে ট্রাম্পের সঙ্গে গভীর আলোচনা করতে আগ্রহী শি। একই সঙ্গে দুই দেশের সম্পর্কের গঠনমূলক কৌশলগত স্থিতিশীলতা এগিয়ে নেয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
ট্রাম্পের জন্য বিশেষ আয়োজন
শুধু শি জিনপিংয়ের ব্যক্তিগত উপস্থিতিই নয়, শেনজেনে ট্রাম্পের অভ্যর্থনা অনুষ্ঠানও অন্য রাষ্ট্রপ্রধানদের তুলনায় ছিল অনেক বেশি জাঁকজমকপূর্ণ। বিমানবন্দরের রানওয়েতে চীনের পতাকা ও ফুলের তোড়া হাতে দাঁড়িয়ে ছিলেন বিপুলসংখ্যক তরুণ-তরুণী। অন্য রাষ্ট্রনেতাদের অভ্যর্থনায় যত তরুণ অংশ নিয়েছিলেন, ট্রাম্পের ক্ষেত্রে সেই সংখ্যা ছিল প্রায় দ্বিগুণ। এ সময় সামরিক ব্যান্ডে চীন ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত বাজানো হয়।
এ ছাড়া আকাশে উড়ে যায় চীনের পাঁচটি জে-১০সি যুদ্ধবিমান। বিমানগুলো লাল, হলুদ ও নীল রঙের ধোঁয়ার রেখা তৈরি করে ট্রাম্পকে স্বাগত জানায়। অন্যদিকে, বুধবার দিনের শুরুতে শেনজেনে পৌঁছানো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অভ্যর্থনা জানান চীনের পঞ্চম সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তা সাই ছি।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের মতো অন্য রাষ্ট্রপ্রধানেরা শেনজেনে পৌঁছালে তাদের অভ্যর্থনায় জাতীয় পতাকা ওড়ানো হয়নি।
গত মে মাসে রাষ্ট্রীয় সফরে বেইজিং পৌঁছানোর সময়ও ট্রাম্পকে জমকালো অভ্যর্থনা জানানো হয়েছিল। বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছিলেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। সে সময় নীল-সাদা পোশাক পরা ১০০ জনের বেশি তরুণ-তরুণী দুই দেশের জাতীয় পতাকা হাতে দাঁড়িয়ে ছিলেন।
২০১৭ সালে ট্রাম্পের প্রথম বেইজিং সফরের তুলনায় এবারের মে মাসের অভ্যর্থনায় কূটনৈতিক প্রটোকলও ছিল বেশি আনুষ্ঠানিক। ২০১৭ সালে বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছিলেন চীনের তৎকালীন স্টেট কাউন্সিলর ইয়াং জিয়েচি।
বুধবারের এই বিশেষ অভ্যর্থনার মধ্য দিয়ে ট্রাম্পের সফরকে যে বিশেষ গুরুত্ব দিচ্ছে বেইজিং, তা স্পষ্ট হয়েছে। এপেক সম্মেলনের ফাঁকে শি ও ট্রাম্পের উচ্চপর্যায়ের আলোচনার আগে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের এই সৌজন্য বিনিময় বিশেষ তাৎপর্য বহন করছে।
