কর্ণফুলীতে নুরুল আবছার হত্যা মামলায় গ্রেপ্তার ২

কর্ণফুলীতে নুরুল আবছার হত্যা মামলায় গ্রেপ্তার ২

ফন্ট সাইজ:

চট্টগ্রামের কর্ণফুলীতে চাঞ্চল্যকর নুরুল আবছার (২২) হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা পুলিশ। বুধবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মোহাম্মদ সুমন (৩১) ও মোহাম্মদ আকাশ (২১)। তারা দু’জনই কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ১নং ওয়ার্ডের চরফরিদ এলাকার গফুর মেম্বারের বাড়ির বাসিন্দা। তাদের পিতার নাম আব্দুছ ছমদ।

পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আমিরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) মো. সোহেল রানা পিপিএম-সেবা ও সহকারী পুলিশ কমিশনার (কর্ণফুলী জোন) নাফিস ইনসানের তত্ত্বাবধানে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই (নি.) সোহেল রানা অংশ নেন। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ বলেন, গ্রেপ্তার দু’জনকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, গত ১০ই নভেম্বর রাতে নুরুল আবছারকে মুঠোফোনে ডেকে নেয়ার পর তিনি নিখোঁজ হন। পরদিন চরলক্ষ্যা ইউনিয়নের একটি নির্জন বাগানে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
এর আগে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭) একই দুই ব্যক্তিকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছিল। সংস্থাটির দাবি, ১৪ মাস বয়সী এক শিশুকে দুই লাখ টাকায় বিক্রির ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরে নুরুল আবছারকে হত্যা করা হয়।