বাংলাদেশের জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে এবার তৈরি হয়েছে নতুন ইতিহাস। আপন দুই বোনের হাতে উঠেছে চ্যাম্পিয়ন ও রানার আপের শিরোপা। ছোট বোন ওয়াদিফা আহমেদ হয়েছেন চ্যাম্পিয়ন, বড় বোন ওয়ালিজা আহমেদ রানার আপ। দ্বিতীয় থেকে ষষ্ঠ স্থান পর্যন্ত সমান পয়েন্ট হওয়ায় টাইব্রেকিংয়ের মাধ্যমে নির্ধারিত হয় চূড়ান্ত অবস্থান। ফলে একই পরিবারের দুই বোনের এমন সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে নতুন এক অধ্যায়ের জন্ম দিয়েছে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বাবা-ছেলে, মা-মেয়ে কিংবা ভাই-বোনের সাফল্যের অনেক গল্প রয়েছে। তবে একই খেলায় একই বছর জাতীয় পর্যায়ে দুই বোনের চ্যাম্পিয়ন ও রানার আপ হওয়ার ঘটনা খুব বেশি দেখা যায় না। ব্যক্তিগত ইভেন্টের খেলাগুলোতে এমন কৃতিত্ব আরও বিরল। ওয়াদিফা ও ওয়ালিজার এই সাফল্য মনে করিয়ে দিয়েছে ৫২ বছর আগের আরেকটি স্মরণীয় ঘটনা। যেখানে একইভাবে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানার আপ হয়েছিলেন দুই বোন।
বাংলাদেশের টেবিল টেনিসের রানী হিসেবে পরিচিত সাবেক জাতীয় চ্যাম্পিয়ন জোবেরা রহমান লিনু। তার বড় বোন মুনির মোর্শেদ হেলেন ছিলেন দেশের প্রথম জাতীয় মহিলা টেবিল টেনিস চ্যাম্পিয়ন। ১৯৭৪ সালে জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে চ্যাম্পিয়ন হন হেলেন, রানার আপ হয়েছিলেন লিনু। সেই স্মৃতিচারণ করতে গিয়ে লিনু বলেন, ‘১৯৭৪ সাল থেকে আমার টেবিল টেনিসে যাত্রা শুরু। প্রেস ক্লাবে উন্মুক্ত টিটি প্রতিযোগিতায় আমি রানার আপ হই। ওই বছরই প্রথম টিটি জাতীয় চ্যাম্পিয়নশিপ হয়। আমার বড় বোন হেলেন চ্যাম্পিয়ন আর আমি রানার আপ।’ সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ও ক্রীড়া সংগঠক কামরুন নাহার ডানার কাছেও ঘটনাটি বিরল। তিনি বলেন, ‘লিনু ও হেলেন টিটিতে চ্যাম্পিয়ন-রানার আপ হয়েছিল। এরপর আর কোনো বোনকে জাতীয় পর্যায়ে এমন অবস্থানে দেখিনি বা শুনিনি। সেই হিসাবে লিনু-হেলেনের পরই দুই দাবাড়ু বোনের এই কৃতিত্ব।’ ফলে এমন বিরল কৃতিত্বের প্রকৃত ইতিহাস খুঁজে বের করাও কঠিন। তবে ইতিহাসের পাতায় নিজেদের নাম লেখাতে পেরে উচ্ছ্বসিত ওয়ালিজা। দুই বোনের এই সাফল্যের পেছনে বাবার স্বপ্ন ও অনুপ্রেরণার কথাও তুলে ধরলেন তিনি।
ইতালি প্রবাসী বাবা সব সময় চাইতেন, তার মেয়েরা জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করুক। সেই স্বপ্ন পূরণ করতে পেরে আনন্দিত ওয়ালিজা। তিনি বলেন, ‘আমার বাবা সব সময় চাইতেন তার মেয়েরা জাতীয় পর্যায়ে সফল হোক। আমি ও আমার বোন চ্যাম্পিয়ন এবং রানার আপ হয়ে বাবার স্বপ্ন পূরণ করেছি। এতে খুব খুশি।’ ওয়ালিজা ও ওয়াদিফার জন্ম ইতালিতে। ২০১৫ সালে বাংলাদেশে এসে ২০১৬ সাল থেকে দাবা শুরু করেন ওয়ালিজা। পাঁচ বছরের ছোট বোন ওয়াদিফার শুরু এক বছর পর। ছোট বোন ওয়াদিফা আগেভাগে চ্যাম্পিয়ন হওয়ায় বরং আরও খুশি ওয়ালিজা। তিনি বলেন, আমার বোন দাবা পরিবেশেই বেড়ে উঠেছে। আমি যখন দাবা খেলতাম, কোচিংয়ে যেতাম। তখন ও দেখতো, সেখান থেকেই দাবা শুরু ওর। মেধা-পরিশ্রমের মাধ্যমেই ও নিজেকে এই অবস্থানে এনেছে।’
ওয়াদিফা-ওয়ালিজার জাতীয় পর্যায়ের সাফল্য একদিনে আসেনি। ২০২২ সালে জুনিয়র মহিলা দাবায় ওয়ালিজা চ্যাম্পিয়ন হন। এক বছর পর তার ছোট বোন ওয়াদিফা শিরোপা জেতেন। জুনিয়রে বড় বোন আগে সাফল্য পেলেও সিনিয়র পর্যায়ে ছোট বোন সফল হয়েছেন আগে। ওয়াদিফা সিদ্ধেশ্বরী কলেজে ইন্টার প্রথম বর্ষে পড়ছেন। তার বড় বোন ওয়ালিজা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পপুলেশন্স
সায়েন্সের ছাত্রী।
