এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় তুলে নিলো বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের আল কাসেমি স্টেডিয়ামে ম্যাকাওকে ১-০ গোলে হারায় লাল-সবুজ প্রতিনিধিরা। দলের পক্ষে একমাত্র গোলটি করেন ইনজামামুল হক মোস্তাকিম। ম্যাচের শুরু থেকে দাপুটে ফুটবল উপহার দেয় বাংলাদেশ। প্রথমার্ধে বেশক’টি আক্রমণ করেও গোলের দেখা মেলেনি। গোলশূন্য সমতায় বিরতিতে যায় দু’দল। বিরতি থেকে ফিরে ডেডলক ভাঙেন মোস্তাকিম। বাম দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রস থেকে ম্যাকাওয়ের জালে বল পাঠান তিনি। শেষ পর্যন্ত এ গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে সিরিয়ার কাছে ৫-১ গোলে হারে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৪-০ গোলে হারায় লাল-সবুজ প্রতিনিধিরা। গ্রুপ ‘সি’তে তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে রয়েছে বাংলাদেশ। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে সংযুক্ত আরব আমিরাত। গোল ব্যবধানে এগিয়ে তারা। সেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২০শে নভেম্বর গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ। মূলপর্বে যাওয়ার টিকিট পেতে সেই ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে। অবশ্য আমিরাতকে হারালেই হবে না। সিরিয়া ম্যাচে চোখ রাখতে হবে। আমিরাতকে যদি সিরিয়া হারিয়ে দেয় তবে টুর্নামেন্ট থেকে বিদায় নেবে বাংলাদেশ। সেক্ষেত্রে গ্রুপপর্বে শেষ ম্যাচের ফল কোনো কাজে আসবে না। টুর্নামেন্টের বাছাইপর্বে ৭টি গ্রুপে ৩৫টি দল অংশ নিচ্ছে। প্রতিটি গ্রুপের সেরা দল পাবে মূলপর্বের টিকিট।
