ফুটবলে স্বপ্ন বুনছে চা-বাগানের কিশোরীরা পাশে উপজেলা প্রশাসন

ফুটবলে স্বপ্ন বুনছে চা-বাগানের কিশোরীরা পাশে উপজেলা প্রশাসন

ফন্ট সাইজ:

চা-বাগানের সবুজ পাহাড়-টিলায় ফুটবল নিয়ে স্বপ্ন বুনছে একদল কিশোরী। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখছে হরিণছড়া, খেজুরীছড়া ও ডিনস্টন চা-বাগানের ক্ষুদ্র নৃগোষ্ঠী ও চা-শ্রমিক পরিবারের মেয়েরা। তবে আর্থিক অসচ্ছলতা ও ক্রীড়া সরঞ্জামের অভাবে তাদের স্বপ্নপূরণে বাধা তৈরি হচ্ছিল। এবার পাশে দাঁড়িয়েছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন। কিশোরীদের চাহিদার ভিত্তিতে সোমবার ২৩ জনের হাতে ফুটবল, বুট, জার্সি, প্যান্ট ও মোজা তুলে দেয়া হয়েছে। প্রয়োজনীয় সরঞ্জাম পেয়ে উচ্ছ্বসিত কিশোরী ফুটবলাররা। তাদের আশা, এই সহযোগিতা ফুটবলে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে। খেলাধুলার পাশাপাশি ঝরে পড়া কিশোরীদের শিক্ষায় ফেরাতেও উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।

আর্থিক ও অন্যান্য সীমাবদ্ধতায় পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া পাঁচ কিশোরীকে আবার শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরিয়ে নেয়ার ব্যবস্থা করা হচ্ছে। এ জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতির সঙ্গে আলোচনা করা হয়েছে। এর আগে সাতগাঁও চা-বাগান ও আশপাশের এলাকার প্রায় ৬০ জন তরুণ-তরুণীকে ক্রীড়া সরঞ্জাম ও জার্সি দেয়া হয়। সাতগাঁও চা-বাগানের মাঠে গোলবার স্থাপনসহ উপজেলার বিভিন্ন মাঠে ক্রীড়াসামগ্রী বিতরণ করে খেলাধুলার পরিবেশ তৈরির উদ্যোগও নেয়া হয়েছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় একরামুল কবির রানা উপজেলা প্রশাসনের উদ্যোগের প্রশংসা করে বলেন, বর্তমান ইউএনও খেলাধুলার প্রতি অত্যন্ত আগ্রহী। তার উদ্যোগ তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

বিশেষ করে চা-বাগানের কিশোরীদের আত্মবিশ্বাস বাড়ানো এবং ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষায় ফেরাতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়; এটি শৃঙ্খলা, নেতৃত্ব ও আত্মবিশ্বাস গড়ে তোলার মাধ্যম। প্রতিভা থাকলেও সুযোগ-সুবিধার অভাবে অনেকেই এগিয়ে যেতে পারে না। তাই খেলোয়াড়দের উৎসাহিত করা, ক্রীড়া সরঞ্জাম সরবরাহ ও মাঠ সংস্কারের মাধ্যমে শ্রীমঙ্গলের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে উপজেলা প্রশাসনের উদ্যোগ অব্যাহত থাকবে। চা-বাগানের এসব কিশোরীর কাছে ফুটবল এখন শুধু খেলা নয়, নিজের পরিচিতি গড়ে তোলা ও স্বপ্নপূরণের মাধ্যম। উপজেলা প্রশাসনের সহযোগিতা তাদের সেই স্বপ্নযাত্রায় নতুন আশার আলো দেখাচ্ছে।