ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী হচ্ছেন ফ্রান্সের দিয়ালো সমর্থন উয়েফার

ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী হচ্ছেন ফ্রান্সের দিয়ালো সমর্থন উয়েফার

ফন্ট সাইজ:

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর চতুর্থবারের মতো নির্বাচিত হওয়ার পথে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে যাচ্ছেন ফ্রান্স ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি ফিলিপ দিয়ালো। আগামী বছরের ১৮ই মার্চ মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিতব্য ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর বিপক্ষে লড়বেন তিনি। দিয়ালোর প্রার্থিতায় ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (উয়েফা) সদস্য দেশগুলোর নির্বাহী কমিটি ও ফিফা কাউন্সিলে প্রতিনিধিত্বকারী সদস্যদের পূর্ণ সমর্থন রয়েছে। সোমবার উয়েফার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ইউরোপের জাতীয় ফুটবল এসোসিয়েশনগুলো দিয়ালোকে প্রার্থী হওয়ার আমন্ত্রণ জানায়। একই সঙ্গে সর্বসম্মতিক্রমে তার প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করে। দিয়ালোও নির্বাচনে অংশ নেয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন। মঙ্গলবার ফরাসি ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির বৈঠকে তার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে অনুমোদনের কথা।

উয়েফা বিবৃতিতে বলে, ‘ফিফার বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে গুরুতর উদ্বেগের প্রেক্ষাপটে বিশ্ব ফুটবল সম্প্রদায়ের মধ্যে নতুন করে ঐক্য ও আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে জাতীয় ফুটবল এসোসিয়েশনগুলো।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘বিশ্বের প্রতিটি অঞ্চলে ফুটবলের উন্নয়নকে ফিফার মূল লক্ষ্য হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। একই সঙ্গে সুশাসন নিশ্চিত করা এবং সদস্য এসোসিয়েশন, কনফেডারেশন ও ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারিত্ব বজায় রাখতে হবে।’

ইনফান্তিনোর বিরুদ্ধে ইউরোপিয়ান ফুটবল মহলের অসন্তোষের পেছনে রয়েছে তার প্রস্তাবিত ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)। বিশ্বকাপসহ বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্বের সঙ্গে যুক্ত নতুন প্রতিষ্ঠানে বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদার করার পরিকল্পনাটি সদস্য এসোসিয়েশনগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই সামনে আনা হয়। পরে ব্যাপক সমালোচনার মুখে পরিকল্পনাটি কার্যত স্থগিত হয়ে যায়। এ ঘটনায় ফিফার জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্দেইরো পদত্যাগও করেন।

গত সেপ্টেম্বরে ইনফান্তিনোর পুনর্নির্বাচনে সমর্থন প্রত্যাহার করে নেয় ফরাসি ফুটবল ফেডারেশন। সে সময় দিয়ালো বলেন, ‘ফিফা সভাপতির ওপর যে আস্থা রাখা হয়েছিল, তা ভেঙে গেছে।’ তার মতে, ফ্রান্সের এই সিদ্ধান্ত উয়েফার ভেতরে গড়ে ওঠা বৃহত্তর অসন্তোষেরই প্রতিফলন।

২০২৩ থেকে ফরাসি ফুটবল ফেডারেশনের নেতৃত্বে রয়েছেন ৬৩ বছর বয়সী দিয়ালো। একই পদে ২০২৪ সালের ডিসেম্বরে চার বছরের জন্য পুনর্নির্বাচিত হন তিনি। দিয়ালো ছাড়াও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন জাপান ফুটবল এসোসিয়েশনের সম্মানসূচক সভাপতি কোজো তাশিমা এবং সুইজারল্যান্ডের সাবেক ফুটবলার ও টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রামন ভেগা। তবে ফিফা সভাপতি নির্বাচনে প্রার্থী হতে হলে প্রত্যেককে অন্তত পাঁচটি জাতীয় ফুটবল এসোসিয়েশনের সমর্থন পেতে হবে। ২০১৬ সালে সেপ ব্লাটারের বিদায়ের পর ফিফা’র দায়িত্ব নেন ইনফান্তিনো। ২০২৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হওয়া এই সুইস কর্মকর্তার সামনে এবার ইউরোপের শক্ত অবস্থান নতুন সমীকরণ তৈরি করেছে। যদিও এশিয়াসহ কয়েকটি কনফেডারেশনের সমর্থন এখনো তার পক্ষে রয়েছে। ফলে ২০২৭ সালের নির্বাচন শুধু নেতৃত্বের লড়াই নয়, বরং বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ পরিচালনা, স্বচ্ছতা ও ক্ষমতার ভারসাম্য নির্ধারণের গুরুত্বপূর্ণ পরীক্ষাও হয়ে
উঠতে পারে।