নিজের প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ দিয়েই বাজিমাত করেছিলেন আফরান নিশো। ব্যাংক ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সিনেমায় তার অনবদ্য অভিনয় নজর কাড়ে দর্শকদের। এ সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ অর্জন করেছেন। এই ছবির পর ‘দাগি’ ও ‘দম’ সিনেমায়ও নিজের সর্বোচ্চটা দিয়ে অভিনয় করে আলোচনায় ছিলেন তিনি। সিনেমায় অভিষেকের আগে ছোট পর্দাও ছিল অনেকটা তার দখলে। একের পর এক দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি। তবে বড় পর্দায় কাজের জন্য নাটকে অভিনয় বাদ দিয়েছেন নিশো।
যার ফলও পাচ্ছেন। তার মুক্তিপ্রাপ্ত তিনটি ছবিতেই দুর্দান্ত অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন নিশো। এদিকে এবার চতুর্থ মিশন নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ তারকা। এবারের ছবির নাম ‘খলনায়ক’। এ ছবিতেও ভিন্ন এক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। এটি
পরিচালনা করছেন ভিকি জাহেদ। এটি তার প্রথম সিনেমা। এর আগে ছোট পর্দায় আফরান নিশোকে নিয়ে করা তার ‘পুনর্জন্ম’ সিরিজের নাটকগুলো দারুণ সাড়া ফেলে। এর বাইরেও নিশোকে নিয়ে বেশ কিছু নাটক তৈরি করেছেন ভিকি। এবার সেই নিশোকে নিয়েই প্রথম ছবি ‘খলনায়ক’ নির্মাণ করছেন তিনি।
ভারত ও বাংলাদেশে চলছে এর শুটিং। এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্টের এ ছবিতে নিশোর বিপরীতে রয়েছেন তমা মির্জা। আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। মেহজাবীন চৌধুরী রয়েছেন অতিথি চরিত্রে। এ ছবি নিয়ে বিস্তারিত না বললেও নিশো বলেন, এটা আরও একটি চমক হতে চলেছে। কথার জন্য বলা নয়। এটা দেখলেই দর্শক বুঝতে পারবেন। আমার বিশ্বাস এটা ভালো লাগবে।
