‘রামায়ণ’ সিনেমায় সীতার চরিত্রে অভিনয় করে এখন আলোচনায় অভিনেত্রী সাই পল্লবী। অভিনয়ের পাশাপাশি সহজ-সরল জীবনযাপনের জন্যও পরিচিত তিনি। তবে সম্প্রতি নিজের লম্বা চুল কেটে ছোট করে ফেলেছেন অভিনেত্রী। আর মেয়ের এই নতুন রূপ দেখে রীতিমতো হতবাক তার মা। এমন প্রতিক্রিয়া আশা করেননি সাই নিজেও। রাজকুমার পেরিয়াসামির পরিচালনায় ‘ওম চ্যাপ্টার ১: উধিরাম- দ্য ব্লাড উড’ ছবিতে আইপিএস আধিকারিক নিত্যা রেড্ডির চরিত্রে অভিনয় করছেন সাই। চরিত্রের প্রয়োজনে তাকে ছোট চুলের লুক নিতে বলেন পরিচালক। বাস্তবের পুলিশ আধিকারিক মেরিন জোসেফের ছবি দেখিয়ে সেই লুকের ধারণা দিয়েছিলেন তিনি।
পরিচালকের পরামর্শ মেনেই লম্বা চুল কেটে ফেলেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাই বলেন, চুল কাটার আগে মাকে কিছুই বলিনি। নতুন চেহারায় মাকে ভিডিও কল করে দেখাতেই ঘটে বিপত্তি। ছোট চুল দেখে কোনো কথা না বলে ফোন কেটে দেন তিনি। পরে বাবার ফোন আসে। মেয়ের চেহারা দেখে তিনিও প্রথমে চিনতে পারেননি। তার প্রশ্ন ছিল, ‘তুমি কি পরচুলা পরেছো? পরে ছবির চরিত্রের প্রয়োজনে চুল কাটার বিষয়টি বুঝিয়ে বলেন সাই। অভিনেত্রীর কথায়, সাধারণত তিনি চুল কাটতে চান না। কিন্তু চরিত্রের প্রয়োজনে এই পরিবর্তন করতে হয়েছে। ছবিতে সাইয়ের সঙ্গে অভিনয় করেছেন ধানুষ, মামুট্টি ও শ্রীলীলা।
